গাজীপুরের শ্রীপুরে শিশু সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় একমাত্র আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সোহরাব হোসেন (৩৬) নেত্রকোনা সদর উপজেলার ভাসাটি গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পানের দোকান চালাতেন। ঘটনার পর থেকে তিনি পালিয়ে ছিলেন।
আজ সোমবার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মামলার একমাত্র আসামি সোহরাবকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার এজাহার থেকে জানা যায়, গত মঙ্গলবার রাতে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় আশ্রয় ও টাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে দুই শিশুসন্তানের সামনে ওই নারীকে ধর্ষণ করেন সোহরাব।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীপুর থানায় মামলা করেন।

