শিল্পকলা একাডেমিতে সানিডেল মিডল স্কুলের নাটক ‘আলাদিন’

আরব্য রজনীর জনপ্রিয় গল্প ‘আলাদিন’ অবলম্বনে মঞ্চ নাটক আয়োজন করেছে সানিডেল মিডল স্কুল।

আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় থিয়েটার হলে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী মঞ্চস্থ হয়।

গতকাল বৃহস্পতিবার একই সময়ে নাটকটির প্রথম প্রদর্শনী মঞ্চস্থ হয়।

সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এই প্রযোজনায় নাটক, সঙ্গীত, নৃত্য ও মঞ্চসজ্জার সমন্বয়ে ‘আলাদিনের’ চিরপরিচিত গল্পকে নতুনভাবে তুলে ধরা হয়।

এই গল্পের অন্যতম মূল বার্তা ছিল সাহস, সততা, দয়া এবং সঠিক সিদ্ধান্তের গুরুত্ব।

নাটকে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন সামিউ মামুন জাঈম (আলাদিন), নাদিয়া আফরিন (জেসমিন), মোহাম্মদ আয়ান আবদুল্লাহ (জিনি) এবং আরেব আজরফ (জাফর)। এছাড়া সুলতান চরিত্রে শ্রেয়ান ওয়াদি এবং ইয়াগো চরিত্রে শরীন মির্জাসহ সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

নাটকটির পরিচালক ও সেট কনসেপ্টের দায়িত্বে ছিলেন মো. মিজানুর রহমান মিতুল। সঙ্গীত পরিচালনা করেছেন নীল কামরুল।

কোরিওগ্রাফিতে স্নাত শাহরিন, লাইটিং ডিজাইনে মো. মুখলেছুর রহমান, মেকআপে মো. আলী বাবুল এবং সেট ও প্রপসের দায়িত্বে ছিলেন এবি সিদ্দিকী ও তার দল।

প্রযোজনাটিতে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আলাদা সঙ্গীত ও নৃত্য দলও অংশ নিয়েছে।

এছাড়া নাটকে পোশাক, সেট, আলো, মেকআপ, সঙ্গীত ও নৃত্য পরিকল্পনায়ও কাজ করেছেন স্কুলের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সৃজনশীল দলের সদস্যরা।

সানিডেল মিডল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের অভিনয়, সঙ্গীত, নৃত্য ও সৃজনশীল দক্ষতা বিকাশের পাশাপাশি মঞ্চ নাটকের মাধ্যমে তাদের দলগত কাজ ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

Related Articles

Latest Posts