কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব লাকী আখান্দের ৩৪ বছর আগে সুর করা একটি গান মুক্তি পেয়েছে।
১৯৯৮ সালে এই গানটি লিখেছিলেন গীতিকার গোলাম মোর্শেদ। তারপর গানটিতে সুর করেছিলেন লাকী আখন্দ। তবে নানা কারণে গানটি আর গাওয়া হয়ে হয়ে উঠেনি তার।
অবশেষে গতকাল ১৫ এপ্রিল ৩৪ বছর আগে লেখা ও সুর করা ‘যার কাছে মন রেখে’ গানটি মুক্তি পেয়েছে। এটি গেয়েছেন তরুণ মুন্সী।
গীতিকার গোলাম মোর্শেদ বললেন, ‘আমার জীবনের বড় অংশ জুড়ে আছেন লাকী ভাই। শুধু তাকে ভেবেই অনেক গান আমার লেখা হয়েছে। যার কাছে মন রেখে গানটি দেখার পর নিজেই সুর করেছিলেন সেসময়। কিন্তু তার আর গাওয়া হয়ে উঠেনি।’
তিনি আরও বলেন, ‘তিনি চলে যাওয়ার পর আমিও গানটি এভাবেই রেখে দিয়েছিলাম। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি তরুণ মুন্সী গেয়েছেন। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
তরুণ মুন্সী বলেন, ‘এ এক অন্যরকম অনুভূতি। লাকী ভাইয়ের জন্য লেখা গান আমি কখনো গাইবো তা স্বপ্নেও ভাবিনি। আমাকে গোলাম মোর্শেদ ভাই যখন গানটির কথা বললেন, তখন খুব ভালো লাগে।’
‘ছোটবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি, যাকে অনুসরণ করেছি মিউজিকের জন্য তারই গান গেয়েছি, এটা আসলে বলে বোঝানো সম্ভব না,’ বলেন তিনি।

