বাংলাদেশের গতিদানব নাহিদ রানাকে পেতে চায় বিগ ব্যাশ লিগের (বিবিএল) একাধিক ফ্র্যাঞ্চাইজি। আগামী মৌসুমে তাকে সরাসরি চুক্তিতে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে তারা। দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বস্ত সূত্র।
একটি সূত্র জানিয়েছে, ‘অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে তার।’
সাধারণত ডিসেম্বর-জানুয়ারি উইন্ডোতে বিগ ব্যাশ অনুষ্ঠিত হয়। তবে এবার বিসিবির মূল অগ্রাধিকার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। সামনেই ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে টাইগারদের। অন্যদিকে, সাইড স্ট্রেইন চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টে খেলতে পারেননি রানা। বর্তমানে তিনি পুনর্বাসনে আছেন। এই অবস্থায় তাকে খেলার ছাড়পত্র (এনওসি) দেওয়া হবে কি না, তা এখনো অনিশ্চিত। বিসিবি থেকেও রানাকে এখনো কিছু জানানো হয়নি।
সম্প্রতি দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পেস বোলিং কোচ শন টেট বলেছিলেন, ‘আমার মনে হয় নাহিদ রানা বিগ ব্যাশে খেলার সুযোগ পাবে। অস্ট্রেলিয়ান দর্শকরা এবার তার বোলিং দেখার সুযোগ পেতে পারে।’
ম্যাচ ফিটনেসের কথা ভেবেই তাকে এশিয়ান গেমসের দলে রাখা হয়নি। সম্প্রতি তিনি আবার বোলিং শুরু করেছেন। কোনো বিদেশি লিগে খেলার এনওসি দেওয়ার আগে আপাতত রানাকে পুরোপুরি ফিট করে তোলাই বিসিবির প্রধান লক্ষ্য।

