পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রাণ, চাংলান, পাতা, বিহু ২০২৬ উদযাপনের অংশ হিসেবে প্রতিবছরই রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বলি খেলা।
প্রথমবারের মতো এতে চ্যাম্পিয়ন হয়েছেন দিপু দেওয়ান। গত তিনবারের চ্যাম্পিয়ন সৃজনকে হারিয়ে শ্রেষ্ঠত্ব পান তিনি।
আজ শনিবার বিকেলে রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে আসর বসে বলি খেলার।
এবার এতে অংশ নেন ১০ প্রতিযোগী। চ্যাম্পিয়ন দিপু জেলা শহরের কালিন্দীপুর এলাকার বাসিন্দা। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সৃজন চাকমা দ্বিতীয় ও রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা সুমন চাকমা তৃতীয় হয়েছেন।
চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা ও রানার্স আপ হিসেবে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া খেলায় অংশ নেওয়া সবাইকে পুরস্কৃত করা হয়।
দ্য ডেইলি স্টারকে দিপু বলেন, ‘আমি এর আগেও বলি খেলায় অংশগ্রহণ করেছি, কিন্তু জিততে পারিনি। এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।’
দিপুর মা প্রভা দেওয়ান বলেন, ‘আমরা ছেলেকে নিষেধ করার পরও সে অংশ নেয়। তবে চ্যাম্পিয়ন হওয়ায় ভালো লাগছে।’

