যে কারণে ট্রাম্পকে অভিনন্দন জানালেন নেতানিয়াহু

আজ ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার ৩৭তম দিন। ইরানের অপ্রত্যাশিত প্রতিরোধে একের পর এক দু:সংবাদ শুনতে হচ্ছে দুই শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানকে। 

এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন তার ঘনিষ্ঠ মিত্র ও ‘বন্ধু’ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

অভিনন্দনের কারণ আর কিছুই না, ইরানের কবল থেকে ভূপাতিত মার্কিন বিমানের পাইলটকে সফলভাবে উদ্ধার করা। 

গতকাল রোববার ইরানের আকাশে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে ঝুঁকিপূর্ণ অভিযানে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

ইসরায়েলি গণমাধ্যমে নেতানিয়াহুর আগে থেকে রেকর্ড করা একটি বক্তব্য প্রচার করা হয়। এতে তিনি বলেন, ‘অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প! যুক্তরাষ্ট্রের অদ্যম্য যোদ্ধারা অবিশ্বাস্য অভিযান চালিয়ে সাহসী মার্কিন পাইলটকে উদ্ধার করেছে। এতে সকল ইসরায়েলি আনন্দ প্রকাশ করছে।’

‘এই উদ্ধার অভিযান সেই মহান মূলনীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে: (যুদ্ধক্ষেত্রে) কাউকে পেছনে ফেলে আসা হবে না’, যোগ করেন তিনি। 

বক্তব্যে ইসরায়েলি নেতা তার দেশের সামরিক বাহিনীর বিভিন্ন ‘দুঃসাহসিক উদ্ধার অভিযানের’ সঙ্গে সর্বশেষ মার্কিন অভিযানের তুলনা দেন। 

প্রথম ক্রু সদস্যকে দ্রুত উদ্ধার করা গেলেও দ্বিতীয়জনকে উদ্ধার করতে যুক্তরাষ্ট্রকে বেশ কাঠখড় পোড়াতে হয়। 

ইরানের আকাশে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে পরিচালিত ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র একাধিক এয়ারক্রাফট হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে উঠে এসেছে। 

একইসঙ্গে তীব্র সংঘর্ষ ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শেষপর্যন্ত উদ্ধার অভিযান সফল হয়েছে।

 

সব মিলিয়ে ভূপাতিত এফ-১৫ই স্ট্রাইক ঈগলসহ অন্তত দুটি যুদ্ধবিমান হারানো এবং আরও কয়েকটি এয়ারক্রাফট বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এসব ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বেশ চটেছেন। এর বহি:প্রকাশ ঘটেছে সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া পোস্টে। 

ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অশালীন’ ভাষায় একটি আক্রমণাত্মক পোস্ট করেন। 

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানে মঙ্গলবার হবে “বিদ্যুৎ কেন্দ্র দিবস” ও “সেতু দিবস”—সবগুলোই একসঙ্গে ঘটবে। এর মতো ভয়াবহ কিছু আগে কখনো ঘটেনি।’

অশালীন শব্দ ব্যবহার করে তিনি হরমুজ প্রণালি খুলে দিতে বলেন। ইরানকে উদ্দেশ্য করে গালি দিয়ে ট্রাম্প বলেন, ‘…তোমাদের জায়গা হবে নরকে। শুধু অপেক্ষা করো!’

এর আগে এক পোস্টে ট্রাম্প জানান যে, ইরানে ভূপাতিত এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে ‘গুরুতর আহত’ অবস্থায় উদ্ধার করা হয়েছে।  

Related Articles

Latest Posts