যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরান কোনো আপস করবে না বলে জানিয়েছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তাসংস্থা রয়টার্স আজ শনিবার জানিয়েছে, তেহরান সফররত পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য কমাতে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। তেহরান সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনা প্রধান।
বৈঠকে ইরানের প্রস্তাবিত ১৪ দফা নথি নিয়ে আলোচনা হয়। তেহরান এই নথিকেই আলোচনার প্রধান কাঠামো হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি দুই পক্ষের মধ্যে আদান-প্রদান হওয়া বার্তাগুলো নিয়েও আলোচনা হয়েছে।
ইরানের শীর্ষ আলোচক গালিবাফ বলেন, ‘যুদ্ধক্ষেত্র ও কূটনীতি উভয় পথেই নিজেদের বৈধ অধিকার আদায়ে কাজ চালিয়ে যাবে ইরান।’
তবে তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, ‘যে পক্ষের কোনো সততা নেই, তাকে বিশ্বাস করা সম্ভব নয়।’
এর আগেও একাধিকবার একই অভিযোগ করেছে ইরান।
তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতির সময় ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতা পুনর্গঠন করেছে।’
তার মতে, যুক্তরাষ্ট্র যদি আবার যুদ্ধ শুরু করে তাহলে এর পরিণতি হবে আরও কঠোর ও তিক্ত।

