যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক পরিসরে যাত্রা শুরু করছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন চলচ্চিত্র ‘রইদ’। জুনে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। উত্তর আমেরিকায় ছবিটি পরিবেশন করবে বায়োস্কপ ফিল্মস।

বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমরা প্রবাসী দর্শকদের মধ্যে বাংলা সিনেমার একটি শক্তিশালী দর্শকগোষ্ঠী তৈরি করতে পেরেছি। ‘রইদ’ আমাদের ৫৫তম চলচ্চিত্র। সিনেমাটিকে অস্কার কোয়ালিফাইং রাউন্ডে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণের চেষ্টা করছি। আর নির্মাতা মেজবাউর রহমান সুমনের কাজ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই।

বিদেশে রইদ মুক্তি প্রসঙ্গে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, আমি কাউকে সিনেমা দেখতে আসতে বলতে পারি না। তবে যারা দেখছেন ও নিজেদের অনুভূতি জানাচ্ছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। রইদ খুবই সাধারণ একটি সিনেমা। এটি মূলত প্রেমের গল্প। বাকি মূল্যায়ন দর্শকরাই করবেন।

সিনেমাটির অভিনয়শিল্পী নাজিফা তুষি বলেন, এই সিনেমার জন্য আমি দীর্ঘ সময় অন্য কোনো কাজ করিনি। সেই পরিশ্রমের প্রতিফলন পর্দায় দর্শক দেখতে পেয়েছেন। আশা করি আমেরিকা ও কানাডার দর্শকরাও ছবিটি উপভোগ করবেন এবং মুগ্ধ হবেন।

নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা, দেশের মতো প্রবাসী দর্শকদের কাছেও ‘রইদ’ সমানভাবে সাড়া ফেলবে এবং বাংলা সিনেমার আন্তর্জাতিক যাত্রায় নতুন একটি অধ্যায় যুক্ত করবে।

Related Articles

Latest Posts