যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে যে ৫ অঙ্গীকার করলেন বার্নাম

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নাম। এর মধ্য দিয়ে আগামী সোমবার ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।  

আজ শুক্রবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডনে আয়োজিত এক বিশেষ সম্মেলনে মেকারফিল্ডের এমপি বার্নামকে দলের নেতা নির্বাচিত করা হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বার্নামের নাম ঘোষণা করে বলেন, ‘অন্য কোনো যোগ্য মনোনীত প্রার্থী না থাকায়, আমি ঘোষণা করছি যে অ্যান্ডি বার্নাম লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।’

দলের বর্তমান নেতা ও প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হবেন বার্নাম।

লেবার পার্টির নেতা হিসেবে নিজের প্রথম ভাষণে বার্নাম বলেন, ‘আমি প্রস্তুত।’

তিনি জনগণকে আশা ফিরিয়ে দেওয়া এবং একটি নতুন ধারার রাজনীতি গড়ে তোলার অঙ্গীকার করেন।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে দলকে এগিয়ে নেওয়ার রূপরেখা তুলে ধরেন বার্নাম।

প্রথম ভাষণে পাঁচটি অঙ্গীকার করেন তিনি। সেগুলো হলো— ঐক্যবদ্ধ দল গড়া, নতুন ধরনের রাজনীতি প্রতিষ্ঠা, পুরো যুক্তরাজ্যের নেতা হওয়া, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং দলের নিজস্ব রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করা।

দলের দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দলের সমালোচনা করে বার্নাম বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব লেবার পার্টিকে বারবার ক্ষতিগ্রস্ত করেছে। তার ভাষায়, দলের মধ্যে বিভক্ত থাকলে, যুক্তরাজ্যের নতুন ডানপন্থী রাজনীতির মোকাবিলা করা সম্ভব হবে না।

ভাষণে বার্নাম আরও বলেন, ‘দেশের মানুষ রাজনৈতিক পরিবর্তনের জন্য ব্যাকুল হয়ে আছে। অনেক ভোটার রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

তিনি দাবি করেন, নতুন ধরনের রাজনীতির প্রয়োজনীয়তা সম্পর্কে সৎ ছিলেন বলেই মেকারফিল্ডের এমপি হিসেবে তাকে নির্বাচিত করেছে জনতা।

পরিবর্তনের জন্য এটাই লেবার পার্টির শেষ সুযোগ, বলে সতর্ক করেন বার্নাম।

লেবার পার্টির নতুন এই নেতা বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত আমি। তবে লেবার পার্টি এখন থেকে অন্য দলের নীতি অনুসরণ করবে না। নিজেদের আদর্শ ও রাজনৈতিক অবস্থান আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরবো আমরা।’

ভাষণে দেশকে একটি অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের অধীনে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন বার্নাম।

তিনি জানান, ইংল্যান্ডের উত্তরাঞ্চল তাকে অনেক কিছু দিয়েছে এবং মেয়র হিসেবে সেই অঞ্চলের কণ্ঠস্বরকে সবচেয়ে জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

এখন তিনি একইভাবে দেশের প্রতিটি অঞ্চলের জন্য কাজ করবেন। জানান, উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম তথা স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডসহ পুরো যুক্তরাজ্যের নেতা হবেন তিনি।

ওয়েস্টমিনস্টারকেন্দ্রিক শাসনব্যবস্থা থেকে ক্ষমতা দেশের বিভিন্ন অঞ্চলে হস্তান্তরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বার্নাম।

তিনি বলেন, ‘স্থানীয় জনগণের হাতে আরও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ফিরিয়ে দিতে চাই, যাতে তারা নিজেদের এলাকাকে আরও উন্নত করতে পারে।’

ভাষণে বার্নাম তার সরকারের সম্ভাব্য কিছু নীতির বিষয়ে ইঙ্গিত দেন। এর মধ্যে রয়েছে—নতুন কাউন্সিলের আবাসন নির্মাণ, শহর ও বাজারকেন্দ্রগুলোকে পুনরুজ্জীবিত করা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন।

নতুন মন্ত্রিসভায় কারা থাকবেন সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন বার্নাম। তবে তার মন্ত্রিসভায় দলের সব মতাদর্শের মানুষের প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অ্যান্ডি বার্নাম প্রায় এক দশক ধরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র ছিলেন। সম্প্রতি মেকারফিল্ড উপনির্বাচনে ৫৫ শতাংশ ভোট পেয়ে ওয়েস্টমিনস্টারে ফিরে এসেছেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তার এই ফেরা শুধু একজন রাজনীতিবিদের ফেরা নয়, এটি ব্রিটেনের শাসনব্যবস্থায় বড় পরিবর্তনের একটি ইঙ্গিতও।

Related Articles

Latest Posts