‘ম্যাজিক মুসিয়ালা’ ফিরছে, বিশ্বাস কোম্পানির

চোটের অন্ধকার পেরিয়ে আবারও আলোয় ফিরছেন তরুণ জাদুকর জামাল মুসিয়ালা। মাঠে তার ছোঁয়া এখনো পুরোপুরি বিস্ফোরিত না হলেও, সেই ‘ম্যাজিক’ ফিরে আসতে আর বেশি দেরি নেই, এমনটাই বিশ্বাস ভিনসেন্ট কোম্পানির। তার মতে, খুব শিগগিরই ভক্তরা দেখতে পাবেন ‘ম্যাজিক মুসিয়ালা’র পূর্ণ রূপ।

বায়ার্ন মিউনিখের প্লেমেকার জামাল মুসিয়ালা গত মৌসুমের বড় একটি অংশ মিস করেছেন ভয়াবহ চোটের কারণে। গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষে তার ফিবুলা ভেঙে যায়, সঙ্গে ছিল গোড়ালির মারাত্মক চোট। সেই ধাক্কা কাটিয়ে জানুয়ারিতে মাঠে ফিরলেও ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পাচ্ছেন তিনি।

জার্মানির হয়ে আসন্ন বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকা এই ২৩ বছর বয়সী তারকা এখন ক্রমেই নিজের ছন্দে ফিরছেন। তার অনুপস্থিতিতে মিডফিল্ডের বড় দায়িত্ব কাঁধে নিয়েছিলেন সার্জ নাব্রি, তবে অ্যাডাক্টর ইনজুরিতে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনিও। ফলে জার্মান কাপের সেমিফাইনালে বেয়ার লেভাকুসেনের বিপক্ষে ম্যাচের আগে মুয়িসিয়ালার ওপরই বাড়তি ভরসা রাখছেন কোম্পানি।

সংবাদ সম্মেলনে বায়ার্ন কোচ বলেন, ‘জামাল এখন ভালো অবস্থায় আছে। জানুয়ারিতেই বলেছিলাম, সে শারীরিকভাবে অনেক উন্নতি করেছে। এখন সে প্রায় নিজের সেরা অবস্থার কাছাকাছি। শুধু শক্তিতে নয়, দৌড়ানোর ইচ্ছাতেও।’

এরপরই যোগ করেন, ‘এখন প্রশ্ন, “ম্যাজিক মুসিয়ালা” কবে ফিরবে? এটা শতভাগ আসবে। সেই মুহূর্তগুলো ইতোমধ্যেই দেখা যাচ্ছে। এমনকি এখনো সে গোলের সামনে খুব বিপজ্জনক।’

পরিসংখ্যানও তার কথার পক্ষে কথা বলছে। সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৬০০ মিনিট খেলেই ৯টি ‘স্কোরার পয়েন্ট’, অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অর্জন করেছেন মুয়িসিয়ালা। যা প্রমাণ করে, পূর্ণ ফিটনেসে ফিরলে তিনি কতটা ভয়ংকর হতে পারেন।

এদিকে তিন শিরোপার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা বায়ার্ন ইতোমধ্যেই বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছে। ভিএফবি স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই লিগ জিতেছে তারা। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, যেখানে তাদের প্রতিপক্ষ আবারও পিএসজি।

কোম্পানির বিশ্বাস, পুরো স্বাধীনতা ফিরে পেলে মুসিয়ালা আরও পরিণত রূপে ধরা দেবেন। ‘যখন সে পুরো স্বাধীনতা ফিরে পাবে। যা আসবেই, তখন আরও উন্নত এক মুয়িসিয়ালাকে দেখা যাবে। একজন কোচ হিসেবে এটা আমাকে দারুণ আনন্দ দেয়,’ বলেছেন তিনি।

Related Articles

Latest Posts