ঠিক যেন প্রথম ম্যাচের পুনরাবৃত্তিই হলো কাল ডালাসে। যখনই গোলের দরকার হয়েছে, এগিয়ে এসেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টে এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচ গোলের সবকটিই এসেছে মেসির পা থেকে। মেসির আরও একটি দুর্দান্ত পারফরম্যান্সের সাক্ষী হওয়ার পর কোচ লিওনেল স্কালোনি বলেছেন, মেসি প্রতিনিয়তই এমন পারফর্ম করছেন যে তাকে নিয়ে নতুন করে বলার মতো আর কিছু পাচ্ছেন না!
অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্কালোনি। দলের লড়াকু মানসিকতা, রোমেরো ইনজুরি সবকিছু নিয়েই কথা বলেছেন। তবে সব ছাপিয়ে ছিল মেসির প্রতি মুগ্ধতা, আর মেসি তাকে বারবার কেমন ‘অসহায়ত্বের’ মধ্যে ফেলে দিচ্ছেন সেই স্বীকারোক্তি।
আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘দলের জন্য সে যা করে তা এক কথায় অনবদ্য। আমরা ভীষণ খুশি। সত্যি বলতে আমি জানি না তাকে নিয়ে নতুন করে আর কী বলব। তাকে নিয়ে এতবার প্রশংসা করতে হচ্ছে, মানুষ হয়তো আমার উপর বিরক্তই হয়ে যাবে এবার’।
৩৯ বছরে এসেও মেসি যেভাবে প্রতিপক্ষের সাথে বল কেড়ে নেয়ার লড়াই করেছেন সেটির প্রশংসা করেছেন স্কালোনি, ‘আজ যখন অফ দ্য বলে দল কিছুটা ভুগছিল, মেসি তখন পরিশ্রমী ফুটবল খেলেছে। প্রথম গোলের মুভমেন্ট শুরুর সময় সে-ই প্রথম প্রতিপক্ষের থেকে বল কেড়ে নেয়। মাঠে তার আত্মনিবেদন কতটা, সেটা আজ সবাই দেখেছে’।
নবম মিনিটে পেনাল্টি মিস করার পর কিছুটা ছন্নছাড়া লাগছিলো আর্জেন্টিনার খেলা। সেখান থেকে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটিই সবচেয়ে তৃপ্তি দিয়েছে স্কালোনিকে, ‘ওই পেনাল্টির পর কিছু মিনিট মনে হচ্ছিলো কিছুই ঠিকভাবে হচ্ছে না। তখনই দল মানসিক পরিপক্কতা দেখিয়েছে। পেনাল্টি মিস অবশ্যই হতাশাজনক, কিন্তু যখন মেসি জেগে ওঠে, তখন পুরো দলই জেগে ওঠে’।
কাঙ্ক্ষিত জয় পেলেও গতকাল ঠিক যেন নিজেদের সেরা ছন্দে ছিল না আলবিসেলেস্তেরা। স্কালোনি বলছেন, এমন কঠিন ম্যাচে শেষ পর্যন্ত জয়টাই মুখ্য, ‘অস্ট্রিয়ার দারুণ কিছু খেলোয়াড় আছে যারা ইউরোপের বড় বড় ক্লাবে খেলে। শারীরিকভাবে তারা শক্তিশালী। এরকম কন্ডিশনে এমন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা সহজ নয়। অবশ্যই আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে, তবে আপনি যখন জয়ের ধারায় থাকবেন তখন উন্নতি করাটা সহজ হয়’।
জয়ের আনন্দের পাশাপাশি আর্জেন্টিনা সমর্থকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চোট নিয়ে ক্রিশ্চিয়ান রোমেরোর মাঠ ছেড়ে যাওয়া। দলের প্রধান সেন্টার ব্যাকের ইনজুরি নিয়ে খুব বেশি তথ্য দিতে না পারলেও আশাবাদী স্কালোনি, ‘রোমেরোর চোট কতটা গুরুতর সেটা আমরা এখনো জানি না। দুই-একদিনের মধ্যে পরীক্ষা করা হবে। গত মৌসুমের অনেকটা সময় এই চোট তাকে ভুগিয়েছে। আমরা আশাবাদী গুরুতর কিছু হবে না’।
দুই ম্যাচ জিতে এর মধ্যেই পরের পর্ব নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি স্কালোনি, ‘আমাদের লক্ষ্য ছিল প্রথম দুটি ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করা। আমরা সেটি করেছি। আমরা চাই যত বেশি সম্ভব খেলোয়াড়কে মাঠে নামার সুযোগ করে দিতে, কারণ তারা প্রত্যেকেই ম্যাচ খেলার যোগ্য দাবিদার। যদি সুযোগ থাকে, আমরা সেটা করব’।

