মুসিয়ালাকে জড়িয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়িয়ে তুরস্কে সাংবাদিক আটক

জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা ও গালাতাসারাইকে জড়িয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়িয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন তুরস্কের ক্রীড়া সাংবাদিক বুরহান তেরজি। তবে আটকের কয়েক ঘণ্টা পর কোনো ধরনের আইনি বিধিনিষেধ ছাড়াই তাকে মুক্তি দেওয়া হয়।

মঙ্গলবার একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। বায়ার্ন মিউনিখের তারকা মুসিয়ালা তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে যোগ দিচ্ছেন বলে কয়েক দিন আগে দাবি করেছিলেন বুরহান।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুসারে, গত ২৬ জুলাই বুরহান খবর প্রকাশ করেছিলেন যে, মুসিয়ালাকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি রয়েছে গালাতাসারাই। তবে ক্লাবটির কর্তৃপক্ষ দুটি বিবৃতি দিয়ে খবরটি পুরোপুরি অস্বীকার করে এবং ভিত্তিহীন হিসেবে দাবি করে। তারা আরও জানায়, তাদের দলবদল প্রক্রিয়াকে বিতর্কিত করতেই এমন গুঞ্জন ছড়ানো হয়েছে।

ঘরোয়া ও মহাদেশীয় পর্যায়ে তুরস্কের সফলতম ক্লাব গালাতাসারাই খবরটি প্রত্যাখ্যান করার পরও বুরহান তার দাবিতে একদম অনড় ছিলেন। এমনকি খবরটির জন্য তিনি ‘নিজের জীবন বাজি রাখা’র কথাও জানান।

তুর্কি সংবাদমাধ্যম হাবেরলের প্রতিবেদন অনুযায়ী, ইস্তানবুল প্রদেশের বাকিরকোয় জেলার চিফ পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের নির্দেশে বুরহানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে ‘জনসমক্ষে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো’র কথা উল্লেখ করা হয়।

দ্য সান আরও জানিয়েছে, তুরস্কের ভুয়া তথ্যবিরোধী আইনের আওতায় কোনো হাই-প্রোফাইল ক্রীড়া সাংবাদিককে আটকের ঘটনা এটাই প্রথম।

বুরহানের বিরুদ্ধে গালাতাসারাই সরাসরি কোনো অভিযোগ দায়ের করেছিল কি না তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, দলটির ভক্ত-সমর্থকদের অসন্তোষ ও অভিযোগের চাপেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে আটকের অল্প সময় পর কোনো আইনি বাধা ছাড়াই বুরহানকে ছেড়ে দেওয়া হয়।

Related Articles

Latest Posts