ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমা মুক্তির চতুর্থ সপ্তাহে এসে সবচেয়ে এগিয়ে রয়েছে তানিম নূর নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’।
মাল্টিপ্লেক্স টিকেট বিক্রির শীর্ষে রয়েছে এই সিনেমাটি। এখানে শুধু দেশের মাল্টিপ্লেক্সের টিকেট বিক্রির হিসেব দেওয়া হয়েছে। দেশের বাইরে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, তার হিসেব এখানে উল্লেখ করা হয়নি।
ঈদের অন্য সিনেমাগুলো হলো- রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’, রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’ এবং আবু হায়াত মাহমুদ নির্মিত ‘প্রিন্স’।
সিনেমার ব্যবসার হিসেব দেশের বেশিরভাগ মাল্টিপ্লেক্স ও সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে।
তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও অন্যান্য মাল্টিপ্লেক্সে।
তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবন্য চৌধুরী, মাশাসহ অনেকেই।
দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি ঈদে মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ৬ কোটি ১০ লাখ টাকার গ্রস সেল দিয়েছে।
রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটি ঈদের চতুর্থ সপ্তাহে শুধুমাত্র মাল্টিপ্লেক্সগুলোতে চলছে। স্টার সিনেপ্লেক্সে ঈদের প্রথম দিন থেকে বেশ ভালো চলছে সিনেমাটি।
এ ছাড়া সিনেমাটি ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও অন্যান্য মাল্টিপ্লেক্সে চলছে। আফরান নিশো ও পূজা চেরি অভিনীত এই সিনেমায় আরও আছেন চঞ্চল চৌধুরী ও ডলি জহুর।
প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘দম’ ঈদে মুক্তির চতুর্থ সপ্তাহে এসে চার কোটির বেশি টাকার গ্রস সেল দিয়েছে।
শাকিব খান অভিনীত আবু হায়াত মাহমুদ নির্মিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।
এই সিনেমায় আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার ও ডা. এজাজসহ অনেকেই।
ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধ জগৎ নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
এই সিনেমাটি মুক্তির আগে বুকিং মানি ছিল ৩ কোটি ৭৮ লাখ টাকা। মাল্টিপ্লেক্স সূত্রে জানা গেছে, মুক্তির চতুর্থ সপ্তাহে সিনেমাটি ১ কোটি ৯২ লাখ টাকার গ্রস সেল দিয়েছে।
ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’। সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে চলছে।
এতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর ও সাবেরী আলম।
মাল্টিপ্লেক্স সূত্রে জানা গেছে, সিনেমাটি ঈদে মুক্তির চতুর্থ সপ্তাহে ১ কোটি ৪২ লাখ টাকার গ্রস সেল দিয়েছে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমাটি দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে।
এ ছাড়া মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ৫৫টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ভারতের সুষ্মিতা চ্যাটার্জি।
সারাদেশের মাল্টিপ্লেক্স সূত্রে জানা গেছে, এই ছবির গ্রস সেল ২ কোটি ৬৮ লাখ টাকা।

