খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক বাড়িতে স্বামী, স্ত্রী ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে স্বামী আব্দুল মালেককে (৬০) চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিদ্যুৎস্পৃষ্টে আহত স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে শাহ আলমকে (৩৫) মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আশরাফ উদ্দিন ডেইলি স্টারকে জানান, আহত শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।
মৃত মালেকের ছোট ভাই জলিল মিয়া ডেইলি স্টারকে বলেন, ‘আমার ভাই মালেকের বাসার বারান্দায় পাশের বাড়ির ফজর আলী অটোরিকশার ব্যাটারি চার্জ দিচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে চার্জ শেষ হওয়ার পর তিনি মাল্টিপ্লাগটি জানালার গ্রিলে ঝুলিয়ে রেখে চলে যান।’
‘শুক্রবার দুপুরে আমার ভাই মাল্টিপ্লাগ খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী শাহেরা খাতুন ও ছেলে শাহ আলমও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন,’ বলেন তিনি।
ওসি শাহেদ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। ঘটনাটি নিয়ে আইনাগত প্রক্রিয়া চলমান।’

