শরীয়তপুরের জাজিরা উপজেলায় মরিচ খেতে পড়ে থাকা একটি ককটেল বিস্ফোরণে ১০ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। বিস্ফোরণে তার দুই হাত গুরুতর জখম হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরধুপুর ইউনিয়নের চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত রাহাত মাদবর চরকান্দি এলাকার সামসু মাদবরের ছেলে।
ওসি সালেহ আহম্মেদ বলেন, বাড়ির পাশে মরিচ খেতে পড়ে থাকা ককটেল সদৃশ একটি বস্তুকে রাহাত বল ভেবে খেলতে শুরু করে। একপর্যায়ে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তার দুই হাতের কবজি গুরুতর জখম হয়।
তিনি আরও বলেন, বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ককটেল ছিল। বিস্ফোরকটি সেখানে কীভাবে এলো, তা জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে’, বলেন তিনি।

