ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক বলে এখন পর্যন্ত জানা গেছে।
বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আজ শুক্রবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিহত ১৭ বিদেশি নাগরিকের মধ্যে পর্তুগালের ৯ জন, স্পেনের ৩ জন, ব্রাজিলের ২ জন, চীনের ২ জন ও ইতালির ১ জন।
পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে তাদের আরও ৫৬ নাগরিক নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর এখনো তাদের ৯৯ নাগরিকের খোঁজ পাওয়া যায়নি এবং ৪ জন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।
কারাকাসে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের দুই নাগরিক রয়েছেন।
বিবৃতিতে ভেনেজুয়েলায় থাকা চীনা নাগরিকদের আফটারশক ও ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের দুর্যোগ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
এছাড়া ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ভেনেজুয়েলার লা গুয়াইরা এলাকায় একটি ভবন ধসে ৫০ বছর বয়সী একজন নিহত হয়েছেন। তার ইতালি ও ভেনিজুয়েলা—উভয় দেশের নাগরিকত্ব ছিল।
ভেনেজুয়েলাকে সহায়তায় স্পেন ইতোমধ্যে ৮টি উদ্ধারকারী দল পাঠিয়েছে। এছাড়া রেডক্রসের মাধ্যমে প্রাথমিকভাবে ১১ লাখ ডলার সহায়তা দিয়েছে।

