প্রথমবারের মতো ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। তার আগে স্বাগতিক দলের প্রতি নিজেদের পূর্ণ শ্রদ্ধাবোধের কথা জানিয়েছেন রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ কার্লো আনচেলত্তি।
আগামীকাল শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে গড়াবে ব্রাজিল ও ভারতের মধ্যকার এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি। সেজন্য তারকাখচিত দল নিয়েই মাঠে নামাবে সেলেসাওরা।
ফিফা র্যাঙ্কিংয়ে ভারত আছে ১৩৮তম স্থানে, পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। নিজেদের সবশেষ ম্যাচে র্যাঙ্কিংয়ের ৪৪তম স্থানে থাকা পানামার সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে ভারত। তাই শক্তি, মান ও ঐতিহ্যে ব্রাজিল বিশাল ব্যবধানে এগিয়ে থাকলেও আত্মবিশ্বাসী তারাও।
ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে ৬৭ বছর বয়সী আনচেলত্তি বলেন, ‘ভারতীয় দলের মানের প্রতি আমাদের সম্মান রয়েছে। পানামার বিপক্ষে তারা দারুণ এক ড্র করেছে। প্রতিপক্ষের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে।’
ভারত কখনোই বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। দেশটিতে ক্রিকেট নিয়েই মূল উন্মাদনা। তবে কলকাতার পাশাপাশি দক্ষিণাঞ্চলের শহর কোচিতে ফুটবলের যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, সেটি অজানা নয় ব্রাজিলের কোচের, ‘ক্রিকেট তাদের সংস্কৃতির অংশ। ফুটবল হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা নয়। তবে এর মানে এই নয় যে, তারা ফুটবল ভালোবাসে না। আমরা এখানে আসতে পেরে আনন্দিত। যারা খেলাটি দেখার সুযোগ পাবেন, তাদের সামনে নিজেদের মান তুলে ধরতে চাই। আশা করছি, দারুণ একটি রাত কাটবে।’
উরুর চোটের কারণে এই ম্যাচে ব্রাজিল পাবে না ফরোয়ার্ড রাফিনিয়াকে। তবে স্কোয়াডে ভিনিসিয়ুস জুনিয়র, মার্কিনিয়োস, গাব্রিয়েল ও ব্রুনো গিমারায়েসের মতো শীর্ষ তারকারা রয়েছেন।
গত জুলাইয়ে সবশেষ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকে অপ্রত্যাশিত বিদায়ের পর নতুন করে দল গোছাচ্ছে ব্রাজিল। সবশেষ অস্ট্রেলিয়া সফরে প্রীতি ম্যাচের জোড়া লড়াইয়ে একটি জয় ও একটি ড্র নিয়ে ভারতে গেছে তারা।
বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেন, ‘এটা সত্য যে, বিশ্বকাপে আমরা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। এটা আমাদের জন্য কঠিন একটি সময় ছিল। তবে আগামী বছরগুলোতে সর্বোচ্চ পর্যায়ে লড়াই করার জন্য নতুন প্রজন্মের খেলোয়াড়দের কাছে এটা একটা বড় অনুপ্রেরণা।’
‘অস্ট্রেলিয়া ও ভারতের মাটিতে এই ম্যাচগুলো আমাদের জন্য ভালো একটা প্রস্তুতি এবং আমরা কী করতে পারি তা দেখানোর জন্য দারুণ সুযোগ,’ যোগ করেন তিনি।

