ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কাজী আশরাফ (৪৮) এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি। তিনি নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর মহল্লার বাসিন্দা ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ সকালে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন আশরাফ। পথে দোলা পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
সার্জেন্ট আজাদুর রহমান বলেন, দোলা পরিবহনের বাস ও মোটরসাইকেলটি ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

