২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের ‘মিশন হেক্সা’র পথে প্রথম বাধা ইতোমধ্যে পার করেছে। হিউস্টনে গত সোমবার রাতে শেষ বত্রিশের লড়াইয়ে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
তবে শেষ ষোলোর ম্যাচে সেলেসাওদের সামনে এখন এমন এক পরিসংখ্যানগত জটিলতা এসে দাঁড়িয়েছে, যা তাদের বৈশ্বিক মর্যাদার সঙ্গে একেবারেই বেমানান। কারণ নকআউট পর্বের এই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নরওয়ে, যাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের ইতিহাসটা পুরোপুরি ব্রাজিলের বিপক্ষে।
গতকাল মঙ্গলবার রাতে আইভরিকোস্টের বিপক্ষে আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের দারুণ জয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে স্ক্যান্ডিনেভিয়ান দলটি। এর আগে ফ্রান্সের পেছনে থেকে রানার্সআপ হিসেবে ‘আই’ গ্রুপ থেকে শেষ বত্রিশ নিশ্চিত করেছিল তারা।
ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে মূল আলোচনার বিষয় শুধু নরওয়ের বর্তমান ফর্ম নয়, বরং তাদের অতীত ইতিহাস। কারণ দুই পক্ষের চারবারের দেখায় একবারও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল! বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দলটির নামের পাশে এমন রেকর্ড সত্যিই বড্ড বেমানান দেখায়।
এই ইতিহাসের শুরুটা হয়েছিল ১৯৮৮ সালে নরওয়ের রাজধানী অসলোতে। ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল প্রীতি ম্যাচটি। তখন এই ফল খুব একটা আলোচনা তৈরি না করলেও নীরবে এমন এক দ্বৈরথের সুর বেঁধে দিয়েছিল, যা ব্রাজিল এখনও নিজের নিয়ন্ত্রণে নিতে পারেনি।
এর প্রায় এক দশক পর ১৯৯৭ সালে আরেকটি প্রীতি ম্যাচে অসলোতে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে উড়িয়ে দিয়ে বড়সড় ধাক্কা দেয় নরওয়ে, যে ফল বর্তমান ফুটবল বাস্তবতায়ও চোখ কপালে তোলার মতো।
এরপর এসেছিল সেই ম্যাচ, যা ফুটবলপ্রেমীদের মনে আজও দাগ কেটে আছে। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে রোনালদো, বেবেতো, রিভালদো, রবার্তো কার্লোস ও কাফুকে নিয়ে তারকাখচিত ব্রাজিল বেবেতোর গোলে এগিয়ে গিয়ে জয়ের পথেই ছিল। কিন্তু তোরে আন্দ্রে ফ্লো ও শিতিল রেকদালের গোলে পুরো ম্যাচের চিত্রনাট্য বদলে দিয়ে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় তুলে নেয় নরওয়ে।
সেই হারে ব্রাজিলের গ্রুপসেরা হওয়া অবশ্য আটকে থাকেনি, তবে রাতটি ফুটবল ইতিহাসে সেলেসাওদের জন্য স্থায়ী ক্ষত হয়ে রয়ে গেছে। দুই পক্ষের সবশেষ দেখা হয়েছিল ২০০৬ সালে, ১-১ গোলের ম্যাড়মেড়ে এক প্রীতি ম্যাচে। এর মধ্য দিয়ে কয়েক বছরের জন্য বন্ধ হয়েছিল এমন এক দ্বৈরথ, যা সব সময়ই ব্রাজিলের চেনা ছন্দের পরিপন্থী।
কাগজে-কলমে কার্লো আনচেলত্তির দলই এবার ফেভারিট হিসেবেই মাঠে নামবে। কিন্তু নিজেদের পঞ্চম প্রচেষ্টায় তারা কি পারবে নরওয়ের এই ‘অমীমাংসিত ধাঁধা’র সমাধান করতে? উত্তর জানা যাবে আগামী রোববার রাতে নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে।
মুখোমুখি পরিসংখ্যান:
১৯৮৮: নরওয়ে ১-১ ব্রাজিল (প্রীতি ম্যাচ)
১৯৯৭: নরওয়ে ৪-২ ব্রাজিল (প্রীতি ম্যাচ)
১৯৯৮: ব্রাজিল ১-২ নরওয়ে (বিশ্বকাপ)
২০০৬: নরওয়ে ১-১ ব্রাজিল (প্রীতি ম্যাচ)

