বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিআইটিআইসি টাওয়ারে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার বিকেলে ৫২৮ মিটার উঁচু ওই ভবনে ছোট একটি উড়োজাহাজ আঘাত করে বলে সিএনএন জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ‘চায়না জুন’ নামে পরিচিত ওই ভবন থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ছে।

এছাড়া মাটিতে উড়োজাহাজের পেছনের একটি অংশ ও একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালা দেখা গেছে ফুটেজে। সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স দেখা গেছে।

এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, কিংবা উড়োজাহাজটিতে কতজন আরোহী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এছাড়া, উড়োজাহাজটি কোথা থেকে এসেছিল এবং কীভাবে এ দুর্ঘটনা ঘটল তাও জানা যায়নি।

কয়েকটি ভিডিওতে ভবনের ভেতর থেকে মানুষদের জরুরিভাবে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা গেছে।

ঘটনাস্থলে থাকা এক নারী সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, বিকেল ৫টা ৫০ মিনিটে তাকে জরুরিভাবে ভবন থেকে বের করা হয়।

তিনি বলেন, ‘আমি পরিচয়পত্র কিংবা ব্যাগ নেওয়ারও সময় পাইনি, দৌড়ে বের হয়ে এসেছি।’

পাশের আরেকটি ভবনে কর্মরত প্রত্যক্ষদর্শী জানান, বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে তিনি বিকট শব্দ শুনতে পান।

সিএনএন জানায়, অনলাইনে ওই উড়োজাহাজের রেজিস্ট্রেশন কোড সম্বলিত কিছু ছবি পাওয়া গেছে। এতে দেখা যায় এটি চীনে উৎপাদিত একটি হালকা উড়োজাহাজ, যা স্থানীয় জেনারেল অ্যাভিয়েশন কোম্পানির মালিকানাধীন।

অনলাইনে পোস্ট করা ‘ফ্লাইটরাডার২৪’ (Flightradar24)-এর যাচাই না করা ফ্লাইটের তথ্য থেকে দেখা গেছে, বিমানটির উড্ডয়ন পথ (ফ্লাইট পাথ) চরমভাবে বিচ্যুত হয়েছিল।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, এটি চীনের ‘স্টারএয়ার এয়ারক্রাফট কোম্পানি’র তৈরি ২ আসন ও একক ইঞ্জিনের হালকা উড়োজাহাজ।

ভবনটি চায়না ইন্টারন্যাশনাল ট্রাস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশনেরের সদর দপ্তর বলে জানা গেছে। ২০১৮ সালের শেষদিকে নির্মিত এই ভবনটি বেইজিংয়ের সবচেয়ে উঁচু স্থাপনা, যা ‘চায়না ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টাওয়ার ৩’ এর চেয়ে প্রায় ১৯০ মিটার উঁচু।

Related Articles

Latest Posts