বৃষ্টিতে ভেসে আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলার কঠিন স্বপ্নও শেষ

বৃষ্টির কাছে নতিস্বীকার করে ভেস্তে গেল আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ। আফগানিস্তানের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি এক বল গড়ানো তো দূরে থাক, টস ছাড়াই পরিত্যক্ত হওয়ায় নিশ্চিত হয়ে গেছে—২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে আইরিশদের আবারো পার হতে হবে বাছাইপর্বের কঠিন ধাপ। ব্রেডিতে সিরিজের প্রথম ম্যাচে বৈরী আবহাওয়ার কারণে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

আইসিসি পুরুষ ওয়ানডে র‍্যাংকিংয়ের ১১ নম্বরে থাকা আয়ারল্যান্ডের সামনে সরাসরি আফ্রিকা বিশ্বকাপের টিকিট পাওয়ার একটি গাণিতিক সম্ভাবনা বেঁচে ছিল। আগামী ৩০ সেপ্টেম্বরের কাট-অফ তারিখের আগে সরাসরি মূল পর্বে যেতে হলে আফগানিস্তানকে ৫-০ ব্যবধানে ‘হোয়াইটওয়াশ’ করতে হতো আইরিশদের। একই সঙ্গে ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দুটি ওয়ানডেতেই হারের প্রয়োজন ছিল। সেটি হলে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে টপকে র‍্যাংকিংয়ের সুবাদে মূল পর্বে ঢুকে পড়তে পারত তারা। কিন্তু বৃষ্টির থাবায় সেই সব হিসাব-নিকাশ মুহূর্তেই ভেস্তে গেছে।

এখন আফ্রিকার মূল মঞ্চে পৌঁছাতে ১০ দলের জটিল ও দীর্ঘ বাছাইপর্ব পার হতে হবে আইরিশদের। এই ১০ দলের বাছাইপর্ব থেকে কেবল শীর্ষ দলটিই সরাসরি ১২ দলের মূল পর্বে খেলার সুযোগ পাবে। অন্যদিকে বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলোকে লড়াই করতে হবে ‘সুপার সিরিজ’ নামের প্রথম পর্বে, যেখান থেকে শীর্ষ এক দল মূল টুর্নামেন্টে উন্নীত হবে।

বাছাইপর্বের এই প্রক্রিয়ার সমীকরণও বেশ দীর্ঘ। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ব্যতিরেকে তলানিতে থাকা দুই পূর্ণ সদস্য দেশ, সিডব্লিউসি লিগ-২-এর সেরা চার দল এবং ‘বাছাইপর্ব প্লে-অফ’ থেকে আসা চার দল নিয়ে গঠিত হবে এই ১০ দলের টুর্নামেন্ট। মূলত লিগ-২-এর নিচের সারির চার দল ও ক্রিকেটের তৃতীয় বিভাগ হিসেবে পরিচিত চ্যালেঞ্জ লিগের চার দল নিয়ে আয়োজিত হবে প্লে-অফ। ১২ দলের অংশগ্রহণে হতে যাওয়া চ্যালেঞ্জ লিগের দুটি পুল থেকে সেরা দুটি করে দল আসবে সেই প্লে-অফে।

এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল আয়ারল্যান্ড; সেবার বাছাইপর্বের ‘সুপার সিক্স’ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল দলটি। ২০২৭ বিশ্বকাপের ক্ষেত্রেও শেষ পর্যন্ত সেই একই কঠিন পথে হাঁটতে হচ্ছে তাদের।

 

Related Articles

Latest Posts