বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে, আর শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের প্রস্তুত করতে কোনো ছাড় দিতে রাজি নয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেগা এই আসরের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত করেছে লিওনেল স্কালোনির দল।

লিওনেল মেসির নেতৃত্বে আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ফুটবল বিশ্বকাপের মতো বড় মঞ্চের আগে নিজেদের শক্তি ও দুর্বলতা পরখ করে নেওয়ার জন্য এই প্রীতি ম্যাচ দুটিকে দারুণ এক সুযোগ হিসেবে দেখছে বর্তমান চ্যাম্পিয়নরা।

টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে ৬ জুন মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এর ঠিক তিন দিন পর, ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার ফিল্ডে ইউরোপীয় দল আইসল্যান্ডের মুখোমুখি হবে দলটি।

এই ম্যাচটির একটি বিশেষ ঐতিহাসিক দিক রয়েছে; জর্ডান-হেয়ার ফিল্ডের ৮৭ বছরের দীর্ঘ ইতিহাসে এটিই হতে যাচ্ছে প্রথম কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এছাড়া আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেই তিক্ত স্মৃতিরও একরকম পুনরাবৃত্তি।

হন্ডুরাসের বিপক্ষে এর আগে খেলা তিনটি ম্যাচেই (২০০৩ সালে ৩-১, ২০১৬ সালে ১-০ এবং ২০২২ সালে ৩-০) অনায়াস জয় পেয়েছিল তারা। অন্যদিকে, আইসল্যান্ডের বিপক্ষে এটি হবে তাদের ইতিহাসের মাত্র দ্বিতীয় লড়াই। ২০১৮ সালের সেই একমাত্র দেখায় মেসির পেনাল্টি ঠেকিয়ে দিয়ে নায়ক বনে গিয়েছিলেন আইসল্যান্ডের গোলরক্ষক হানেস থর হ্যালডরসন।

প্রস্তুতি পর্ব শেষে আগামী ১৬ জুন ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মূল মিশন শুরু করবে আর্জেন্টিনা। বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ সময় ৩০ মে। তাই হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে এই দুটি প্রীতি ম্যাচেই আর্জেন্টিনা তাদের পূর্ণাঙ্গ বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মাঠে নামবে।

 

Related Articles

Latest Posts