বিশ্বকাপ ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় ও প্রীতমের কনসার্ট

ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হওয়ার আগে রাজধানী ঢাকায় পৃথক দুটি কনসার্টে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব এবং সংগীতশিল্পী প্রীতম হাসান।

আজ রোববার রাতে বনানীর কামাল আতাতুর্ক পার্কে ফ্যান ফেস্ট ২.০ আয়োজনে পারফর্ম করবেন সঞ্জয়।

শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন তিনি।

এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজিত একাধিক বিশ্বকাপ ফ্যান ফেস্টিভ্যালেও তিনি পারফর্ম করেছেন। ঢাকার এই কনসার্টও সেই সফরেরই অংশ।

ইতোমধ্যে রাজধানীতে পৌঁছে কনসার্ট ভেন্যু পরিদর্শন করেছেন তিনি। নিজের দেশে পারফর্ম করার আগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সঞ্জয়।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও আমি ফিফা বিশ্বকাপের বেশ কয়েকটি ইভেন্টে পারফর্ম করেছি। এখন আমি সেই শহর ঢাকায় পারফর্ম করার অপেক্ষায় আছি, যেখানে আমার গল্পের শুরু। এই কনসার্ট নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত।’

এ আয়োজনে সঞ্জয় দেবের সঙ্গে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। কনসার্ট শেষে তার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে আরেকটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, ইউনাইটেড কনভেনশন সেন্টারে বিশ্বকাপ ঘিরে অনুষ্ঠিত হবে ‘ফাইনাল কিকঅফ’ শিরোনামের আরেকটি আয়োজন। সেখানে দর্শকরা বিশাল পর্দায় সরাসরি ফাইনাল ম্যাচের পাশাপাশি লাইভ কনসার্টও উপভোগ করতে পারবেন।

আর এ আয়োজনের সংগীত পরিবেশনায় নেতৃত্ব দেবেন প্রীতম হাসান। তার সঙ্গে পারফর্ম করবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলাম।

রাতভর এ আয়োজন ফুটবলের সবচেয়ে বড় ম্যাচের সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকবে জমজমাট লাইভ বিনোদনের বিভিন্ন ব্যবস্থা।

Related Articles

Latest Posts