বয়স কেবল ২৭। এই বয়সে বিশ্বকাপ জিতে গেলে যেকোনো ফুটবলারই চাইবেন ক্যারিয়ারটাকে আরও রাঙাতে, আরও কিছু পেতে। কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া হাঁটছেন সম্পূর্ণ উল্টো পথে। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারলে আন্তর্জাতিক ফুটবলকেই নাকি ‘টাটা’ বলে দেবেন এই তারকা। আর বিদায় নেওয়ার আগে শরীরে এঁকে নেবেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু!
কুকুরেয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইউরো জিতেছেন। এবার বিশ্বকাপ জিতে গেলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ দুটি ট্রফি হয়ে যাবে। এরপর আর কিছুই বাকি থাকবে না তার।
উত্তর আমেরিকায় চলমান এই বিশ্বকাপের ফাইনালে ওঠার পেছনে স্পেনের রক্ষণভাগের এই তারকা প্রতিটা মিনিট মাঠে লড়েছেন। ২০২৪ সালের ইউরো কাপ তো ঘরে তুলেছেনই, এবার বিশ্বকাপটাও পকেটে পুরে আন্তর্জাতিক ফুটবলের ‘ডাবল’ পূর্ণ করে বিদায় নেওয়াটাই তার কাছে একদম পারফেক্ট এন্ডিং।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-এর সঙ্গে আলাপকালে কুকুরেয়া নিজের এই খামখেয়ালি সিদ্ধান্তের পেছনের কারণ খোলসা করে বলেন, ‘আমরা যদি বিশ্বকাপ জিতি, আমি লুইসকে পরের দিনই ফোন করে বলব আর আমাকে দলে না রাখতে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আর বিশ্বকাপ জেতার পর আমার এর চেয়ে ভালো কিছু করার থাকবে না।’
মাঠের খেলা আর চুলের স্টাইল—সব মিলিয়ে কুকুরেয়ার রঙিন স্বভাবের কথা সবারই জানা। তবে অবসরের ঘোষণার পাশাপাশি তিনি যে নতুন বাজি ধরেছেন, তা শুনে কোচের চোখ কপালে ওঠার জোগাড়! স্পেনকে আন্তর্জাতিক ফুটবলের চূড়ায় ফিরিয়ে আনা মাস্টারমাইন্ড লুইস দে লা ফুয়েন্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে একটু অন্যরকম স্থায়ী স্মৃতি শরীরে ধরে রাখতে চান তিনি।
বর্তমান চ্যাম্পিয়নদের বধ করতে পারলে কুকুরেয়া সোজা চলে যাবেন ট্যাটু পার্লারে। ফক্স স্পোর্টস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের সেই পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ জিতলে আমি আমার বাইসেপে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের একটা ছোট ট্যাটু আঁকিয়ে নেব।’
এখন দেখার বিষয়, ফাইনালে কেমন করে স্পেন। আর্জেন্টিনার সঙ্গে জিতে কুকুরেয়া সত্যি সত্যিই বাইসেপে কোচের মুখ এঁকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন কিনা, নাকি হতাশায় ডুবে আন্তর্জাতিক ফুটবলে অপূর্ণতা পূরণের চেষ্টা চালাতে হয় তাকে।

