বিকেলে খেলতে বের হয় দুই শিশু, রাতে মরদেহ পাওয়া যায় নালায়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের একটি নালা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম।

মৃত দুই শিশু হলো ওই গ্রামের নূর হোসেনের মেয়ে লুশি খাতুন (৮) এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে আরশী আক্তার (৮)। তারা দুজনই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেলে একসঙ্গে খেলতে বের হয় লুশি ও আরশী। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

দীর্ঘ সময় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ৯টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি নালায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম বলেন, পরিবারের লোকজনের কোনো অভিযোগ ছিল না। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Related Articles

Latest Posts