ইউরোপিয়ান ফুটবলে হ্যারি কেইনকে ঘিরে গুঞ্জনের শেষ নেই। মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইংল্যান্ড অধিনায়ককে নিয়ে আগ্রহ দেখাচ্ছে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব। সেই তালিকায় নাম উঠেছে বার্সেলোনারও। তবে বায়ার্ন মিউনিখের সম্মানসূচক সভাপতি উলি হোনেস স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কাতালান ক্লাবের পক্ষে কেইনকে দলে নেওয়া কেবল কল্পনাই।
ডিএফবি-পোকাল ফাইনালে বায়ার্ন মিউনিখের ৩-০ গোলের জয়ের নায়ক ছিলেন হ্যারি কেইন। দুর্দান্ত হ্যাটট্রিক করে ক্লাবকে ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা এনে দেন তিনি। ম্যাচ শেষে উদ্যাপনের মাঝেই কেইনকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন উলি হোনেস।
জার্মান গণমাধ্যম ‘ডাস এরস্টে’কে দেওয়া সাক্ষাৎকারে বায়ার্ন কিংবদন্তি বলেন, ‘হ্যারি কেইন আমাদের ইতিহাসের সেরা ট্রান্সফার।’
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় যোগ দেওয়ার পর থেকেই বায়ার্নের আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কেইন। গোল, নেতৃত্ব আর ধারাবাহিক পারফরম্যান্স মিলিয়ে ক্লাবের ওপর তার প্রভাবকে ‘রূপান্তরমূলক’ বলেই মনে করছেন হোনেস। তাই কেইনকে ঘিরে বার্সেলোনার আগ্রহের খবর উঠতেই কড়া প্রতিক্রিয়া দেখান তিনি।
বার্সেলোনার আগ্রহের বিষয়ে প্রশ্ন করা হলে কোনো রাখঢাক না রেখেই হোনেস বলেন, ‘হ্যাঁ, সে এখানেই থাকবে। আর যাই হোক, বার্সেলোনার তো টাকা নেই!’
মূলত দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা বার্সেলোনাকে খোঁচা দিতেই এমন মন্তব্য করেছেন বায়ার্ন সভাপতি। লা লিগার বেতনসীমা, আর্থিক ভারসাম্য আর তথাকথিত ‘ফিনান্সিয়াল লিভার’ নিয়ে কাতালান ক্লাবের সংগ্রাম ইউরোপিয়ান ফুটবলে বহুল আলোচিত। অন্যদিকে বায়ার্ন মিউনিখ এখনো বিশ্বের সবচেয়ে স্থিতিশীল ও আর্থিকভাবে শক্তিশালী ক্লাবগুলোর একটি।
হোনেস এ সময় বায়ার্নের দীর্ঘদিনের নীতিও মনে করিয়ে দেন। তার ভাষায়, ‘এফসি বায়ার্ন খেলোয়াড় কেনে, বিক্রি করে না।’
তার ক্তব্য থেকেই পরিষ্কার, বিদেশি ক্লাবগুলোর আগ্রহ থাকলেও কেইনকে ছাড়ার কোনো পরিকল্পনাই নেই বাভারিয়ানদের। বিশেষ করে যেভাবে তিনি দলের আক্রমণভাগের প্রাণ হয়ে উঠেছেন, তাতে তাকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনাও সাজাতে শুরু করেছে ক্লাবটি।
অন্যদিকে কেইন নিজেও জার্মানিতে বেশ সুখেই আছেন। উত্তর লন্ডনে দীর্ঘ ক্যারিয়ারে যে শিরোপার জন্য অপেক্ষা করতে হয়েছিল, সেটি অবশেষে বায়ার্নে এসে জিতেছেন তিনি। জার্মান জীবন নিয়ে বিভিন্ন সময় সন্তুষ্টির কথাও জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার।
জানা গেছে, ২০২৭ সাল পর্যন্ত থাকা বর্তমান চুক্তির মেয়াদ আরও বাড়ানোর কাজও ইতোমধ্যে শুরু করেছে বায়ার্ন। বোর্ডের পূর্ণ সমর্থন, রেকর্ডছোঁয়া গোলসংখ্যা এবং দারুণ ফর্মের কারণে এখনই অ্যালিয়াঞ্জ অ্যারেনা ছেড়ে ক্যাম্প ন্যুতে হ্যারি কেইনের যাওয়ার সম্ভাবনাকে অনেকটাই ‘কল্পনার গল্প’ হিসেবেই দেখছে জার্মান জায়ান্টরা।

