বাবা দিবসে মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য রোড টু মাই ফাদার’

নির্মাতা শাওয়ানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য রোড টু মাই ফাদার’ আগামী ২১ জুন বাবা দিবসে মুক্তি পাবে।

সুইডেনে জন্ম ও বেড়ে ওঠা শাওয়ানার নির্মিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যে কানাডা, রাশিয়া, ইতালি, ভারত, সুইডেন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

চলচ্চিত্রটি সম্পর্কে শাওয়ানা বলেন, ‘দ্য রোড টু মাই ফাদারের যাত্রা শুরু হয়েছিল ক্যামেরা হাতে নেওয়ারও অনেক আগে। এই চলচ্চিত্রের মাধ্যমে আমি কিছু স্মৃতির কাছে ফিরে যেতে চেয়েছি, আর খুঁজতে চেয়েছি এমন কিছু প্রশ্নের উত্তর, যা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে ছিল। বাবা দিবসে চলচ্চিত্রটি মুক্তি দিতে পারছি বলে আমার ভীষণ ভালো লাগছে।’

তিনি আরও বলেন, আমি আশা করি, ‘চলচ্চিত্রটি দেখার পর কেউ হয়তো তার বাবাকে আরও একটু মনে করবেন, কেউ হয়তো বাবার সঙ্গে বসে এটি দেখবেন, আবার কেউ হয়তো নিজের ভেতর নতুন কিছু আবিষ্কার করবেন।’

২১ জুন হাম্বলভার্সের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে চলচ্চিত্রটি। হাম্বলভার্স শাওয়ানার প্রতিষ্ঠিত একটি স্বাধীন প্রযোজনা প্রতিষ্ঠান।

চলতি বছরের ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পায় শাওয়ানার ওয়েব ফিল্ম ‘মিস্ট্রি ইন ব্লুম’। ব্যক্তিগত গল্প, স্মৃতি, পরিচয় ও মানবিক সম্পর্কের নানা দিক তার নির্মাণশৈলীর গুরুত্বপূর্ণ উপাদান।

Related Articles

Latest Posts