বাংলাদেশের বিপক্ষে ডারউইনের উইকেট নিয়ে ‘অন্ধকারে’ অস্ট্রেলিয়াও

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট খেলতে যাচ্ছে ২৩ বছর পর। সিরিজের প্রথম ম্যাচের আগে তাই ভিন্ন এক চ্যালেঞ্জ টাইগারদের জন্য। তবে স্বাগতিকদের কাছেও ডারউইনের উইকেট হয়ে উঠেছে কিছুটা অচেনা। ম্যাচের আগে এখনো উইকেট দেখেননি অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার ট্রাভিস হেড। ফলে ম্যাচে পরিস্থিতি বুঝে পরিকল্পনা সাজানোর কথাই বলছেন তিনি।

ডারউইনে প্রায় দুই দশক পর ফিরছে টেস্ট ক্রিকেট। এই মাঠে অস্ট্রেলিয়ারও খুব বেশি অভিজ্ঞতা নেই। ফলে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে উইকেট কেমন আচরণ করবে, সেটি নিয়ে নিশ্চিত নন হেডও।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সামনে রেখে সংবাদ সম্মেলনে হেড বলেন, ‘আমি এখনো উইকেট দেখিনি, কারণ আমরা আজ সকালে এখানে এসেছি। তবে গত বছর এখানে টি-টোয়েন্টি খেলেছি এবং উইকেট ভালো ছিল। গত বছর এ দলের ম্যাচগুলোতেও উইকেট ভালো ছিল বলে শুনেছি। তাই এই মুহূর্তে এটি আমাদের জন্য অজানা।’

উইকেট দেখার পরই ম্যাচের সম্ভাব্য চিত্র নিয়ে পরিকল্পনা সাজাতে চান হেড, ‘আগামী কয়েক দিনে আমরা উইকেট দেখব এবং এটি কেমন হতে পারে, সে সম্পর্কে একটা ধারণা করার চেষ্টা করব। বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমাদের হয়তো পুরো সপ্তাহজুড়েই সমস্যা সমাধান করতে হবে। তবে আমি নিশ্চিত, দুই দলের জন্যই বিষয়টি একই রকম হবে। গত কয়েক বছরে আমরা যখনই এখানে এসেছি, উইকেট ভালো ছিল।’

বাংলাদেশের জন্য এই সিরিজটি যেমন দীর্ঘ অপেক্ষার অবসান, তেমনি অস্ট্রেলিয়ার কাছেও এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ অংশ। ফলে প্রতিপক্ষের নাম বা ভেন্যু বিবেচনায় নিয়ে কোনোভাবেই সিরিজটিকে হালকাভাবে দেখছে না অস্ট্রেলিয়া। হেডের কথাতেও সেটিই স্পষ্ট, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। তাই আপনাকে ভালো খেলার জন্য প্রস্তুত থাকতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে অবশ্য নিজেদের কন্ডিশন এবং প্রতিপক্ষের সম্ভাব্য চ্যালেঞ্জ দুই দিকেই নজর রয়েছে। দলের বিশ্লেষক থেকে শুরু করে ভিডিও ফুটেজ, সবকিছু কাজে লাগিয়ে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন হেড।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর দক্ষিণ আফ্রিকার মতো ভিন্ন কন্ডিশনেও খেলতে হবে অস্ট্রেলিয়াকে। তাই কন্ডিশন অনুযায়ী নিজেদের মানিয়ে নেওয়াটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হেড। তার মতে, সবুজ উইকেট হোক কিংবা ব্যাটিংয়ের জন্য সহজ উইকেট, পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলার ধরন বদলাতে হবে।

 

Related Articles

Latest Posts