বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ আমরা এমন একটি পরিবেশ পেয়েছি, যেখানে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে।

আজ শনিবার বিকেলে লালমনিরহাট শহরে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫-১৬ বছর আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। অসংখ্য মামলা-মোকদ্দমা হয়েছে, অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। কিন্তু আমরা মাথা নত করিনি।’

‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি,’ বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আজ মাদকের আগ্রাসনে আমাদের সমাজ বিপর্যস্ত হচ্ছে। আমাদের তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে, ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনগণকে সচেতন করে জনগণের মধ্য থেকেই মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘লালমনিরহাটে যে সামাজিক আন্দোলনের সূচনা হয়েছে, তা একসময় সারা দেশে ছড়িয়ে পড়বে। দেশের মানুষ একদিন মাদককে না বলবে, যৌতুককে না বলবে, বাল্যবিয়েকে না বলবে জুয়াকে না বলবে। তখনই আমরা একটি সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে পারব।’

তিস্তা ইস্যু প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই—স্লোগান নিয়ে লালমনিরহাট থেকে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তার সুফল এখন দৃশ্যমান হতে শুরু করেছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

‘এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে। তবে উন্নয়নের ধারাকে টেকসই করতে হলে মাদককে চিরতরে “না” বলতে হবে,’ যোগ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। মুখ্য আলোচক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির প্রধান উপদেষ্টা আসাদুল হাবিব দুলু।

Related Articles

Latest Posts