হাওর অঞ্চলের ৬ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে আগাম চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ শুক্রবার খাদ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
এতে জানানো হয়, আগামী ৩ মে বোরো ধানের সঙ্গে চালও সংগ্রহ করা শুরু করবে সরকার। এর আগে চাল সংগ্রহের তারিখ ছিল ১৫ মে।
হাওর অঞ্চলের নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কৃষকরা এ সুবিধার আওতায় পড়বেন।
চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে রয়েছে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ লাখ মেট্রিক টন আতপ চাল।
প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা ও আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কিনবে সরকার।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

