বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আবিদুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।
আজ বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
পোস্টাল ব্যালটসহ মোট ১৫১টি কেন্দ্রের ভোটের ভিত্তিতে এই ফল চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন পেয়েছেন ৫২৬ ভোট।
বাদশা বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র। আবিদুর বগুড়া শহর জামায়াতে ইসলামী আমির।
নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৪২ দশমিক ৫৭ শতাংশ।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী হন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

