বগুড়া সিটির প্রথম প্রশাসক বিএনপি নেতা স্বাধীন

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম. আর. ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি। 

আজ মঙ্গলবার তিনি নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেছেন।

এর আগে গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)-এর উপধারা (১) অনুযায়ী, করপোরেশন পূর্ণাঙ্গভাবে গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সিটি করপোরেশনের মেয়রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবেন। বিধি অনুযায়ী তিনি নির্ধারিত ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এম. আর. ইসলাম স্বাধীন বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং জেলা ছাত্রদলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করেন। এরপর ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন পায়। পরবর্তীতে ১৪ মে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করা হয়।

 

 

Related Articles

Latest Posts