বিশ্বকাপের উত্তাপে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। বাংলাদেশের ফুটবলভিত্তিক দুই আলোচিত সিনেমা ‘দামাল’ এবং ‘জাগো’ এখন সেখানে দেখা যাচ্ছে। এর বাইরে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আরও দুটি বিশেষ ওয়েব কনটেন্ট মুক্তি পেয়েছে।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে স্বাধীন বাংলা ফুটবল দলের অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে এটি নির্মিত।
২০২২ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, সিয়াম আহমেদ ও শাহনাজ সুমির মতো তারকারা। সিনেমাটিতে মূলত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত একটি কাহিনি উপস্থাপন করা হয়েছে, যে দলটি সে সময় মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সচেতনতা ও অর্থনৈতিক সমর্থন বাড়াতে ভারতজুড়ে সফর করে মোট ১৬টি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল।
অন্যদিকে, খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ দেশের প্রথম পূর্ণাঙ্গ ফুটবলভিত্তিক চলচ্চিত্র হিসেবে পরিচিত। তরুণদের ফুটবল খেলাকে উপজীব্য করে নির্মিত এই সিনেমা ২০১০ সালের ১৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল। এর বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, বিন্দু, আরিফিন শুভ, রওনক হাসান, তারিক আনাম খান, চিত্রনায়ক ফারুক, সোবহান নাঈমসহ অনেকেই।
সিনেমার পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়া অভিনীত ‘ব্রাজেন্টিনা ক্লাব’ নামে ৮ পর্বের একটি ওয়েব সিরিজও মুক্তি পেয়েছে। তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় সিরিজটি আইস্ক্রিন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। এতে অভিনয় করেছেন লামিমা লাম, শরাফ আহমেদ জীবন ও সহিদ উন নবী।
কাজল আরেফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ১৩ নম্বর চ্যাপ্টার বা অধ্যায়টিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে। এবারের পর্বগুলোর সবচেয়ে বড় চমক বা ‘সারপ্রাইজ’ হলো এর ফুটবল বিশ্বকাপ থিম।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রিয় চরিত্রগুলোকে এবার ফুটবল মাঠে এক অন্য রকম লড়াইয়ে অবতীর্ণ হতে দেখা যাবে। ব্যাচেলরেরা এখানে ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল মাঠে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে অংশ নিচ্ছেন।

