প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্য ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধি দল।
আজ বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিনিধি দলকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান জানান, বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও ব্যবসা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্যসহ বিশ্বজুড়ে বেশ কয়েকটি খাতে ব্যবসা পরিচালনা করে আসছে জাপানি প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে জানা গেছে, বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দ্রুত ও নির্বিঘ্নে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা যায়।
বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
জাপানি প্রতিনিধি দলে ছিলেন মিতসুই অ্যান্ড কোং-এর এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের পরিচালক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকোতো সাতো, একই ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।

