প্রত্যর্পণ আইনি বিষয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সে অনুযায়ী হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রেও সেটি আইন অনুযায়ী হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সয়াল এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনার সম্প্রতি রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়ে ভারত সরকারের দৃষ্টিভঙ্গী সম্পর্কে জানতে চান।

জবাবে মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে বলতে গেলে…এই বিষয়টিতে আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি। যেকোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয়, আপনারা জানেন। সে অনুযায়ীই এর নিষ্পত্তি করা হবে।’

আরেক প্রশ্নের জবাবে রণধীর জয়সয়াল বলেন, ‘প্রত্যর্পণের ক্ষেত্রে তা প্রচলিত আইনি বাধ্যবাধকতা ও বিচারিক প্রক্রিয়া অনুসারে নিষ্পত্তি করা হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যৌথ সহযোগিতায় যেসব উন্নয়ন প্রকল্প আছে, সেগুলো দুপক্ষের আলোচনার ভিত্তিতেই সম্পন্ন করা হয়। এভাবেই প্রকল্পগুলো চলমান থাকবে।’

Related Articles

Latest Posts