পুরনো চোটের হানা, আর্জেন্টিনার জার্সিতে কবে ফিরবেন রোমেরো?

অস্ট্রিয়ার বিপক্ষে জয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলেও আর্জেন্টিনার আনন্দ কিছুটা ম্লান হয়ে গেছে ক্রিস্তিয়ান রোমেরোর চোটে। হাঁটুতে চোটে পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন এই তারকা ডিফেন্ডার।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে কি তাকে পাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা? আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, টানা কয়েক দিন বিশ্রামে থাকার জন্য জর্ডানের বিপক্ষে তার মাঠে নামার কোনো সম্ভাবনা নেই।

ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে গতকাল সোমবার রাতে অধিনায়ক লিওনেল মেসির জোড়া লক্ষ্যভেদে ২-০ গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের সেরা দল হিসেবে শেষ বত্রিশে নাম লিখিয়েছে তারা। তবে ম্যাচটির ৫৭তম মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠে বসে পড়েন রোমেরো। পরে তার বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস ওতামেন্দি।

ম্যাচের পর অবশ্য নিজের শারীরিক অবস্থা নিয়ে বেশ আশাবাদী শোনা গেছে রোমেরোকে। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘নতুন করে একটু ব্যথা অনুভব করেছি। তবে আমি জানি, তিন বা চার দিনের মধ্যেই একেবারে নতুনভাবে ফিরে আসব।’

সেন্টারব্যাক রোমেরোর এই চোট মূলত পুরোনো। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলার সময় প্রথমবার চোট পান তিনি। তখন প্রাথমিক পরীক্ষায় তার হাঁটুর লিগামেন্টে চোট ধরা পড়েছিল। এর ফলে প্রিমিয়ার লিগের গত মৌসুমের শেষ ছয়টি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে সেই একই হাঁটুতে ব্যথা অনুভব করেছেন রোমেরো।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকেও এই প্রসঙ্গে কথা বলতে হয়েছে। তিনি বলেছেন, মঙ্গলবার ও বুধবারের মধ্যে রোমেরোর মেডিকেল পরীক্ষা করা হবে, ‘সমস্যাটা আসলে কতটা গুরুতর, তা আমরা জানি না। তবে এটি এমন একটা চোট, যা নিয়ে সে আগে থেকেই ভুগছিল।… আমরা এখনো নিশ্চিত নই। আগামীকাল (মঙ্গলবার) বা পরশু (বুধবার) তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

রোমেরোকে দ্রুত মাঠে ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি, ‘সে শুধু একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই বলছি এমন না। আশা করি, তেমন গুরুতর কিছু হবে না। যদি সে না-ও খেলতে পারে, যে-ই তার বদলি হিসেবে নামবে, ভালো করবে। তবে দলের সবাইকে সুস্থ পাওয়াটা সব সময়ই দারুণ।’

ডালাসেই আগামী রোববার সকালে জর্ডানের মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ওই ম্যাচে হেরে গেলেও ‘জে’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষেই থাকবে তারা।

Related Articles

Latest Posts