লালমনিরহাটের পাটগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
আজ সোমবার সকালে উপজেলার ঘুন্টি এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ও উদ্ধারকারীদের ধারণা, তারা সবাই স্থানীয় বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বুড়িমারী স্থলবন্দর থেকে অটোরিকশাটি পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত সাতজনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

