নোয়াখালীর সদর উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার প্রাক্তন স্ত্রী তানিয়া (৩০) ও শাশুড়ি কবরী বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকালে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত রাত ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গানগর গ্রামে মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার পুকুরপাড় থেকে পুলিশ কামালের মরদেহ উদ্ধার করে।
কামালের বাড়ি সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে। তার বাবার নাম খলিলুর রহমান। তানিয়া ওই গ্রামের আমির হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্র বলছে, কামালের জুয়ায় আসক্তি নিয়ে অন্তত পাঁচ বছর আগে তানিয়ার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। তবে কামাল শ্বশুর বাড়ির পাশের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার পুকুরপাড়ে ঘুমাতেন।
ইদ্রিসুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘তানিয়া ও কবরী পুলিশের জিজ্ঞাসাবাদে এই হত্যার দায় স্বীকার করেছেন। তারা জানান, হত্যাকাণ্ডে তানিয়ার ভাই আকাশও (২০) অংশ নেন।’
‘গত রাতে কামাল যখন ঘুমিয়েছিলেন, সে সময় লাঠি দিয়ে পিটিয়ে ও ছুরি মেরে হত্যা করা হয়,’ দুজনের বরাত দিয়ে বলেন এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়েছিল। পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
‘হত্যাকাণ্ডের পর থেকে আকাশ পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে,’ বলেন ইদ্রিসুর রহমান।

