নেত্রকোণায় ৫ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

নেত্রকোণায় পাঁচ দিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার পূর্বধলা ও কলমাকান্দায় দুই শিশুর মৃত্যু হয়। এর আগে গত শুক্র, বৃহস্পতি ও মঙ্গলবার আরও তিন শিশু পানিতে ডুবে মারা যায়।

আজ দুপুরে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে ১৬ মাস বয়সী শিশু আমির হামজা ওরফে তাসকিনের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে।

একইদিন সকালে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের শিংকাটা গ্রামের মজিবর রহমানের দেড় বছর বয়সী মেয়ে তায়েবা পুকুরে ডুবে মারা যায়।

দুজনই বাড়ির উঠানে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে পূর্বধলা ও কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত শুক্রবার বিকেলে কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামে পুকুরে ডুবে মারা যায় রোমান খানের ছেলে রিয়ান খান (২)। পানিতে পড়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে বাড়ির পাশে জমে থাকা ডোবার পানিতে পড়ে দেড় বছর বয়সী শিশু রাহিমের মৃত্যু হয়। সে ওই গ্রামের আক্তার মিয়ার ছেলে। পরে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া, মঙ্গলবার দুপুরে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া গ্রামে পুকুরে ডুবে বিকাশ ঘোষের ২৮ মাস বয়সী ছেলে ওনিয় ঘোষের মৃত্যু হয়। বাড়ির সামনের পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ডেইলি স্টারকে বলেন, ‘পাঁচ শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনাগুলোর ধরন প্রায় একই। পরিবারের সদস্যদের অসতর্কতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। শিশুদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।’

কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা বলেন, ‘অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে প্রতিটি মসজিদে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।’

Related Articles

Latest Posts