মৌসুমের বাকি সময়ের জন্য ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে যোগ দিলেন ক্যারিয়ারের পড়ন্তবেলায় থাকা ফিলিপ কৌতিনিয়ো। সেখানে আগে থেকে আছেন তার জাতীয় দলের এক সময়ের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু নেইমার।
গত ফেব্রুয়ারিতে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কো দা গামা ছাড়েন ৩৪ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর থেকে কোনো ক্লাবে ছিলেন না লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই তারকা।
২০২৪ সালে নিজের শৈশবের ক্লাব ভাস্কোতে ফিরেছিলেন কৌতিনিয়ো। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮১টি ম্যাচ খেলার পর ‘মানসিকভাবে ক্লান্ত’ হয়ে পড়ার কথা জানিয়ে ক্লাবটিকে বিদায় জানান। তাদের হয় ১৭টি গোলের পাশাপাশি সাতটি অ্যাসিস্ট করেছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতিনিয়ো ও নেইমারের কৈশোরের একটি পুরোনো ছবি এবং সম্প্রতি জিমে সেই একই ভঙ্গিমায় তোলা নতুন একটি ছবি পোস্ট করেছে সান্তোস। ক্লাব পর্যায়ে আগে কখনও একসঙ্গে খেলেননি এই দুই ফুটবলার।
এছাড়া, সান্তোস একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ড্রেসিংরুমে ঢোকা কৌতিনিয়োকে আলিঙ্গন করতে দেখা যায় নেইমারের সঙ্গে। ভিডিওতে কৌতিনিয়োকে বলতে শোনা যায়, ‘এটা যদি কোনো স্বপ্ন হয়ে থাকে, তবে আমি আর ঘুম থেকে জেগে উঠতে চাই না।’
গত বছরের জানুয়ারিতে নিজের শৈশবের দল সান্তোসে ফেরেন ৩৪ বছর বয়সী নেইমার। তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন সবশেষ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর। আর কৌতিনিয়ো জাতীয় দলের হয়ে শেষবার খেলেছেন ২০২২ সালে।
ভাস্কোর হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা কৌতিনিয়ো পরে ইন্টার মিলান হয়ে ২০১৩ সালে যোগ দেন লিভারপুলে। অলরেডদের হয়ে নিজের ক্যারিয়ারের সেরা সময়টা কাটান তিনি।
অ্যানফিল্ডে পাঁচ বছর আলো ছড়িয়ে ২০১৮ সালে ১৪ কোটি ২০ লাখ পাউন্ডের বিশাল অঙ্কের ট্রান্সফার ফিতে বার্সেলোনায় পাড়ি জমান কৌতিনিয়ো। কিন্তু কাতালানদের ডেরায় থিতু হতে পারেননি। তখন হারিয়ে ফেলা ছন্দ পরে আর খুঁজেও পাননি তিনি।
পরবর্তীতে বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলা ও আল-দুহাইলে খেলে ফের ভাস্কোতে ফিরেছিলেন কৌতিনিয়ো। এবার নতুন চ্যালেঞ্জ নিতে সান্তোসে নেইমারের সঙ্গী হলেন তিনি।

