নারায়ণগঞ্জে হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি

হুমকি দেওয়ার অভিযোগে যুবদলের এক নেতার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন যুব অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি সাব্বির হোসেন রাজা।

ফতুল্লা মডেল থানায় গতকাল শনিবার রাতে তিনি জিডি করেন।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

অভিযুক্ত মশিউর রহমান রনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব।
 
জিডিতে বলা হয়, শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলের ‘সুমন নিটিং’ নামে একটি পোশাক কারখানার ঝুট কিনতে গেলে সাব্বিরকে মোবাইল ফোনে হুমকি দেন রনি।

তাকে বিসিকের যেকোনো কারখানা থেকে ঝুট না কিনতেও হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাব্বির হোসেন ডেইলি স্টারকে বলেন, আমি ও স্থানীয় ছাত্রদল নেতা তুহিন মিলে ‘সুমন নিটিং’ থেকে মালিকপক্ষের অনুমতি নিয়েই ঝুটের মালামালের ব্যবসা করি। গতকাল ওই কারখানায় মালামাল কিনতে গেলে প্রথমে যুবদল নেতা রনির অনুসারীরা আমাদের বাধা দেন। পরে রনি নিজেই ফোন করে হুমকি দেন।

তিনি বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই জিডি করেছি।

অভিযোগের বিষয়ে জানতে মশিউর রহমান রনির মোবাইল ফোনে কল ও ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।

ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

Related Articles

Latest Posts