নারায়ণগঞ্জে বিস্ফোরণ: মা-সন্তানের পর মারা গেলেন বাবাও

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও সন্তানের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাবাও।

আজ মঙ্গলবার ভোরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাজমিস্ত্রি মাইদুল ইসলামের (২৪) মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল মাইদুলের স্ত্রী বিউটি আক্তার (২২) ও গত শনিবার তাদের আট বছর বয়সী সন্তান মারুফের মৃত্যু হয়।

গত শুক্রবার সকালে বন্দরের কুড়িপাড়া চাপাতলী এলাকার একটি ভাড়া বাসায় বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হন পরিবারের তিন সদস্য।

ড. শাওন বলেন, আগুনে শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ, মাইদুলের ৮৫ শতাংশ এবং বিউটির ৮০ শতাংশ পুড়ে যায়।

স্থানীয়সূত্রে জানা যায়, তাদের গ্রামের বাড়ি নাটোরে। কাজের সুবাদে প্রায় এক বছর ধরে তারা বন্দরের ওই টিনশেড ভাড়া বাসায় থাকছিলেন।

ঘটনার দিন প্রাথমিক তদন্তের বরাতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেছিলেন, রান্নাঘরের তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। সকালে আগুনের উৎস তৈরি হওয়ায় বিস্ফোরণ ঘটে এবং ওই পরিবারের সদস্যরা দগ্ধ হন।

Related Articles

Latest Posts