নারায়ণগঞ্জে থানা হাজতে জয় বাংলা স্লোগান, সাবেক এমপির ছেলের উদ্দেশে ভিডিও বার্তা

নারায়ণগঞ্জে থানা হাজতে বসে জয় বাংলা স্লোগান ও প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের উদ্দেশে ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা তদন্ত করছে পুলিশ।

আজ সোমবার সকালে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভিডিওটি আমাদের থানার ভেতরে ধারণ করা হয়েছে কি না সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই। বিষয়টি নজরে আসার পরে থানার সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।’

তবে এই আসামিদের গত শনিবার ফতুল্লা থানা পুলিশ আটক করে হাজতে রেখেছিল বলে স্বীকার করেছেন তিনি।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতির সময় গত শনিবার রাতে সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে ১০ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং সেই মামলা গ্রেপ্তার দেখিয়ে গতকাল সকালে আদালতে তোলা হয়।

‘ভিডিওটি কোথায়, কখন ও কীভাবে ধারণ করা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

থানা পুলিশ জানিয়েছে, আটক ১০ জন ১৫-২০ বছর বয়সী। তাদের একজন নগরীর পাইকপাড়া এলাকার বাসিন্দা এবং বাকিরা ফতুল্লার বিসিক এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা আজমেরী ওসমানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

ভিডিও বার্তায় বলতে শোনা যায়, ‘আজমেরী ভাইয়ের জন্য নারায়ণগঞ্জবাসী ধন্য। আমাদের এ বিপদ কাটিয়ে একদিন সুদিন আসবে, ইনশাআল্লাহ। আজমেরী ভাইয়ের ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এছাড়া, আরও একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Related Articles

Latest Posts