নরসিংদীতে নদীতে তলিয়ে যাওয়া ৩ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ নারী ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

আজ শনিবার দুপুর পর্যন্ত নদীটির পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন শান্ত (২৪) নামের এক তরুণ।

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে প্রবল স্রোতে তলিয়ে যান তারা।

মৃত তিনজন হলেন, গাজীপুরের কালীগঞ্জের ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০) ও কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬) ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত। বিকেলে স্থানীয়দের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় নদীর প্রবল স্রোতে এই তিনজন তলিয়ে যেতে থাকেন। তাদের বাঁচাতে গিয়ে স্বজন সৌরভও পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা চেষ্টা চালিয়েও কাউকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। শিবপুর ফায়ার সার্ভিস বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি। পরে আজ শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

পরে ভৈরব থেকে আসা ডুবুরি দল নদীর ছয় থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালায়। দুপুর ২টার দিকে কালীগঞ্জের দীঘুয়া এলাকা থেকে শান্তার মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি আরও দুজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ শান্তর সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ডুবুরি দল। এ বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Related Articles

Latest Posts