নয়্যারের ‘বিশেষ’ পারফরম্যান্সের প্রশংসায় বায়ার্ন কোচ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু থেকে ২-১ গোলের দুর্দান্ত এক জয় নিয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। লুইস দিয়াজ ও হ্যারি কেইনের গোলে পাওয়া এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের। কিলিয়ান এমবাপেদের একের পর এক আক্রমণ রুখে দিয়ে ম্যাচসেরা হওয়া এই জার্মান গোলরক্ষকের ‘বিশেষ’ পারফরম্যান্সে মুগ্ধ বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এমবাপেকে বেশ কয়েকবার গোলবঞ্চিত করেছেন নয়্যার, যার স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোম্পানি বলেন, ‘সে যদি দলের সেরা খেলোয়াড় হয়ে থাকে, তবে আমি এতে খুশি, এটা কোনো সমস্যা নয়। এই ধরনের বড় ম্যাচে, এই পর্যায়ে আপনার সবসময় এমন বিশেষ পারফরম্যান্সের প্রয়োজন হয়।’

নয়্যারের দীর্ঘ ক্যারিয়ার ও ধারাবাহিকতা নিয়ে বেলজিয়ান এই কোচ আরও বলেন, ‘মানু (নয়্যার) হাতেগোনা ওই কয়েকজনের মধ্যে একজন, যে শুধু কিছুদিন ধরেই এটা করছে না, বরং অনেক অনেক দিন ধরে করে আসছে। সে এখনও যেভাবে পারফর্ম করে, আমার মনে হয় খুব বেশি গোলরক্ষক, এমনকি শীর্ষস্থানীয়রাও দিনের পর দিন এমনটা করতে পারে না।’

৭৪ মিনিটে এমবাপে এক গোল শোধ করলেও আগামী বুধবার ঘরের মাঠে দ্বিতীয় লেগের আগে দলের জয়ে বেশ সন্তুষ্ট কোম্পানি, ‘আমরা ফলাফলে খুশি। বার্নাব্যুতে যেকোনো জয়ই গুরুত্বপূর্ণ। এটা এমন একটি অর্জন যার ওপর ভিত্তি করে আমরা এগোতে পারি। তবে রিয়াল মাদ্রিদের কোয়ালিটির প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। নিজেদের মাঠে পরের ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে জয় তুলে নেওয়া।’

মৌসুমের ৪৯তম গোল করা হ্যারি কেইন দলের এই জয়ে আনন্দিত হলেও দ্বিতীয় লেগ নিয়ে সতীর্থদের সতর্ক করেছেন। তিনি বলেন, ‘আমরা আজ দারুণ ফুটবল খেলেছি। আমরা ভালো অবস্থানে আছি ঠিকই, কিন্তু সবসময়ের মতোই এক গোলের লিড যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে। আজ আমরা যেমন খেলেছি, চেষ্টা করব পরের ম্যাচেও সেটা ধরে রাখতে।’

Related Articles

Latest Posts