‘দেনা পাওনা’ শেষ, কিন্তু দর্শকদের ক্ষোভ কমছে না: সুষমা সরকার

মঞ্চ, টিভি নাটক, চলচ্চিত্র, ওটিটি—সব মাধ্যমেই পরিচিত মুখ সুষমা সরকার। ২০ বছরেরও বেশি সময় ধরে মঞ্চনাটকে অভিনয় করছেন এই গুণী শিল্পী। 

নিজের সাম্প্রতিক কাজগুলো নিয়ে ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের শিক্ষার্থী সুষমা সরকার। 

সম্প্রতি সুষমা অভিনীত ‘দেনা পাওনা’ নাটকের প্রচার শেষ হয়েছে। ওই নাটকে অভিনয় করে দর্শকদের কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা পেয়েছেন তিনি। কিন্তু একইসঙ্গে নাটকের প্রচার শেষ হয়ে যাওয়ায় দর্শকরা ক্ষোভও প্রকাশ করছেন। 

 

দীর্ঘদিন ধরে প্রচারিত পারিবারিক গল্পনির্ভর এই নাটকটি দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলে। 

নাটকটিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন সুষমা সরকার। 

তিনি বলেন, ‘দেনা পাওনা নাটকে নেগেটিভ চরিত্র করার কারণে অনেক দর্শক আমাকে গালমন্দ করেছেন। অনেকেই মেনে নিতে পারেননি। কোথাও গেলে এখনো দর্শকরা বলেন, “ওই যে দেনা পাওনা আসছে”। এজন্য মনে হয়েছে চরিত্রটি ফুটিয়ে তুলতে পেরেছি।’

 

তিনি বলেন, ‘তবে এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও কেন দেনা পাওনা নাটক বন্ধ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে দর্শকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। দর্শকরা দেনা পাওনা নাটকের সিজন টু চাচ্ছেন।’

‘দেনা পাওনা নাটকটি দর্শকদের ভালো লেগেছে। এ কারণেই তারা সিজন টু দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। আমিও চাই সিজন টু হোক, দর্শকরা দেখুক’, বলেন তিনি। 

পারিবারিক গল্পের দিকে নির্মাতারা ঝুঁকছেন—এ বিষয়ে সুষমা সরকার বলেন, ‘সত্যিই দর্শকরা এখন পারিবারিক গল্পের নাটক বেশি বেশি দেখতে চাইছেন। এটা আমাদেরই গল্প। নতুন করে পারিবারিক গল্পের নাটক তৈরির ধারা শুরু হয়েছে। দেনা পাওনা নাটকটি সেখানে বড় ভূমিকা রেখেছে। মাঝে কিন্তু পারিবারিক গল্পের ধারাবাহিক সেভাবে ছিল না।’

‘দেনা পাওনা জনপ্রিয়তা অর্জনের পর পারিবারিক গল্প নির্ভর নাটকের চর্চা বাড়ছে। এটা খুব ভালো দিক’, বলেন সুষমা। 

মূল পর্বের প্রচার শেষ হওয়ার পর ঈদে প্রচারিত হয় সাত পর্বের বিশেষ আয়োজন দেনা পাওনা ঈদ স্পেশাল। সুষমা বলেন, ‘দর্শকদের আগ্রহ থেকেই ঈদের সময়ে দেনা পাওনা নাটকের সাতটি বিশেষ পর্ব নির্মিত হয়। ওই সাত পর্ব দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছেন।’
 

 

বর্তমানে তার অভিনীত ‘পরম্পরা’ নাটকটি দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে। ওই নাটকটির জন্যও তিনি বেশ সাড়া পাচ্ছেন। 

পরম্পরা নাটকের পরিচালক আশীষ রায়। এটি একটি পারিবারিক গল্পের নাটক। এখানে তিন প্রজন্মের গল্প উঠে এসেছে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সুষমা। 

তার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর। ইতোমধ্যে নাটকটি সবার মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

দ্য ডেইলি স্টারকে সুষমা বলেন, ‘পরম্পরা নাটকের জন্য খুব প্রশংসা পাচ্ছি। দর্শকরা খুব আগ্রহ নিয়ে নাটকটি দেখছেন। কোনো কাজ করার পর যখন দর্শকরা দেখেন, তখনই তৃপ্তি কাজ করে, ভালো লাগা কাজ করে। পরম্পরা তেমনই একটি নাটক।’

 

‘দেখুন, পরম্পরা নাটকে আমি ইতিবাচক চরিত্রে অভিনয় করছি। কাছের মানুষ বলি, সহশিল্পী বলি আর দর্শক বলি—সবাই বেশ প্রশংসা করছেন’, যোগ করেন তিনি। 

ডলি জহুর সম্পর্কে তিনি বলেন, ‘এই নাটকে ডলি জহুর আন্টি আমার শাশুড়ি। উনার মতো বিখ্যাত ও গুণী শিল্পীর সঙ্গে কাজ করতে পারাটাও অনেক বড় সম্মানের ব্যাপার। তার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।’

 

এছাড়া মাছরাঙা টিভিতে তার অভিনীত আরেকটি নাটক প্রচার হচ্ছে।

এদিকে ‘বিশ্বাস বনাম সরদার’নামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন সুষমা সরকার। নাটকটি প্রচার হচ্ছে মাছরাঙা টিভিতে। 

শিগগির ‘এরই নাম সংসার’ নামে নতুন একটি ধারাবাহিকের শুটিং শুরু করবেন সুষমা। পরিচালনায় থাকছেন হাসান রেজাউল।

ঈদের সিনেমা প্রসঙ্গে সুষমা বলেন, ‘প্রেসার কুকার এবং বনলতা এক্সপ্রেস—দুটো সিনেমাই দেখেছি। ভালো লেগেছে। সত্যি কথা বলতে, ভালো গল্প হলে দর্শকরা হলে যেয়ে সিনেমা দেখেন।’

Related Articles

Latest Posts