গ্রীষ্মকালীন দলবদলে লা লিগার শিরোপাধারী বার্সেলোনাও যেতে চেয়েও পারেননি। উল্টো অ্যাতলেতিকো মাদ্রিদের সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে হুলিয়ান আলভারেজকে। দুঃসময় যেন পিছুই ছাড়ছে না এই আর্জেন্টাইন স্ট্রাইকারের। এবার তিনি চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেলেন।
বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত একটায় লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে আতিথ্য নেবে অ্যাতলেতিকো। তবে খেলতে পারবেন না ২৬ বছর বয়সী আলভারেজ। পেশির চোটে ভুগছেন এই তারকা।
অ্যাতলেতিকোর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে আলভারেজের চোটের খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘পেশির সমস্যার কারণে সান সেবাস্তিয়ান সফর করতে পারবেন না হুলিয়ান। যেকারণে গতকাল অনুশীলনও করেননি তিনি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আজকের ম্যাচ থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’
ক্লাব ছাড়ার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর যখন অ্যাতলেতিকোর একাদশে নিজের হারানো জায়গা পুনরুদ্ধার করা এবং সমর্থকদের আস্থা ফিরে পাওয়ার চ্যালেঞ্জ ছিল আলভারেজের সামনে, তখনই হানা দিয়েছে চোট। তার অনুপস্থিতি সোসিয়েদাদের বিপক্ষে বড় ধাক্কা হতে পারে রোহাব্লাঙ্কোদের জন্য। লা লিগায় চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার নয় নম্বরে।
গত জুন-জুলাইয়ে ফিফা বিশ্বকাপ চলাকালেই অ্যাতলেতিকো ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন আলভারেজ। তার মূল লক্ষ্য ছিল বার্সেলোনায় পাড়ি জমানো। কাতালানরাও তাকে পেতে মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু মাদ্রিদের ক্লাবটি শেষ পর্যন্ত নিজেদের এই ফুটবলারকে লা লিগার প্রতিদ্বন্দ্বীদের কাছে বিক্রি করতে অস্বীকৃতি জানায়। এমনকি কোনো আলোচনাতে বসতেও রাজী হয়নি তারা।
দলবদলের এই টানাপোড়েনের মাঝেই গত মাসে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নেমে ঘরের মাঠে অ্যাতলেতিকোর সমর্থকদের তোপের মুখে পড়েন আলভারেজ। গ্যালারি থেকে ভেসে আসে তীব্র দুয়ো। ক্ষুব্ধ আলভারেজ এরপর টানা তিন দিন দলের অনুশীলনে যাননি। ফলে লা লিগার পরের ম্যাচে সেভিয়ার বিপক্ষে মাঠে নামা হয়নি তার।
তবে আপাতত অ্যাতলেতিকোতেই যে থেকে যেতে হচ্ছে, সেটা নিশ্চিত হওয়ার পর ধীরে ধীরে বরফ গলতে শুরু করে। গত সপ্তাহে লা লিগায় অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বদলি হিসেবে ৩১ মিনিট খেলেন এই বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে মাঠে ছিলেন পুরোটা সময়।
সব মিলিয়ে আলভারেজ যখন ক্লাব ক্যারিয়ারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার অভিযানে ছিলেন, তখনই বাধা হয়ে এসেছে এই চোট।

