তিনটি বিষয় পক্ষে থাকলে সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান হাবিবুল

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়টি এখন মূলত তার ফিটনেস, বিসিবির সবুজ সংকেত ও সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সাম্প্রতিক মন্তব্য অনুযায়ী, সাকিবকে পুনরায় বিবেচনায় নিতে নির্বাচক প্যানেল প্রস্তুত, তবে তার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হওয়া আবশ্যক।

সাকিবকে দলে রাখা নিয়ে বোর্ড এবং নির্বাচকদের অবস্থানের কথা জানিয়ে হাবিবুল বাশার বলেন, ‘সর্বোসম্মতিক্রমে বোর্ড গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসিবিলিটির ওপর ভিত্তি করে এবং পাশাপাশি যেখানে খেলা হবে ভেন্যুতে, সেখানে যদি উপস্থিত থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক কমিটি সাকিবকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচিত করবে।’

সাকিবের বর্তমান অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন প্রধান নির্বাচক। সাকিবের সঙ্গে ব্যক্তিগত আলাপের সূত্র ধরে তিনি জানান, তার প্রধান চিন্তার জায়গা হলো সাকিবের ম্যাচ প্রস্তুতি। হাবিবুল বাশার বলেন, ‘আমার সঙ্গে দু-একবার কথা হয়েছে। আমার মূল প্রশ্ন ছিল, সে প্রস্তুত কি না। যেহেতু ও যেখানে আছে, ওখানে ক্রিকেট নিয়মিত হয় না। ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস ট্রেনিং করা যায়, কিন্তু ক্রিকেট খেলা অত রেগুলার হয় না। আমি আসলে ওর সঙ্গে এসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি।’

সম্প্রতি দ্য ডেইলি স্টারকে দেওয়া একান্ত সাক্ষাতকারে সাকিব জানিয়েছিলেন, সর্বোচ্চ মঞ্চে খেলার তাড়না আগের মতই আছে তার। আপাতত দেশে ফিরে খেলতে চান। খেলার পাট শেষ হয়ে গেলে ফের রাজনীতিতে জড়িত হওয়ার ইচ্ছা আছে তার। 

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সরকারের সংসদ সদস্য সাকিব আর দেশে ফিরতে পারেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় দলের হয়ে দেশের বাইরে চারটি টেস্ট খেলতে পেরেছিলেন তিনি। ২০২৪ সালের অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা ছিল তার। তবে তখনকার অন্তর্বর্তী সরকার সাকিবকে দেশে ফিরতে দেয়নি।

এই দীর্ঘ বিরতি ও পরিস্থিতির অনিশ্চয়তা থাকলেও প্রধান নির্বাচক তাকে ঘিরেই পরিকল্পনা সাজাতে চান। হাবিবুল বাশার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সবকিছু ঠিক থাকলে তারা সাকিবকে স্বল্প মেয়াদে নয়, বরং দীর্ঘ সময়ের জন্যই দলে চান। তিনি বলেন, ‘বাকিটা ওকে এখানে পাওয়ার ব্যাপার। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা অবশ্যই তাকে লম্বা সময়ের জন্যই চাই।’

এখন দেখার বিষয়, ফিটনেস এবং পারিপার্শ্বিক পরিস্থিতি মিলিয়ে মাঠের সাকিবকে আবারও কবে দেশের জার্সিতে দেখা যায়।

 

Related Articles

Latest Posts