তানজিদের ‘প্রথম’ ফিফটির পর সাজঘরে ফিরলেন মুমিনুল

ডারউইন টেস্টের প্রথম দিনটি স্বপ্নের মতো কাটানো বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাও নিজেদের কব্জায় রাখল। দায়িত্বশীল ব্যাটিংয়ে ইতোমধ্যে ফিফটি তুলে নিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার সঙ্গে শতরানের জুটি গড়া অভিজ্ঞ মুমিনুল হক মাত্র ১ রানের জন্য পাননি হাফসেঞ্চুরি। এই জুটি ভাঙলেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নেওয়ার পথে রয়েছে টাইগাররা।

শুক্রবার এই প্রতিবেদন লেখার সময় প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৪২ ওভারে ২ উইকেটে ১৪৭ রান। আগের দিনের ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান নিয়ে খেলতে নেমেছে তারা। মুমিনুলের উইকেট হারিয়ে এখন পর্যন্ত ১৮ ওভারে স্কোরবোর্ডে যোগ হয়েছে আরও ৫১ রান।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা তানজিদ এই সংস্করণে নিজের প্রথম হাফসেঞ্চুরির স্বাদ নিয়েছেন। সেজন্য ১০২ বল লেগেছে তার। জশ হ্যাজেলউডের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশে পৌঁছে যান তিনি। তানজিদ ক্রিজে আছেন ১১৯ বলে ৬২ রানে। তার নতুন সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলছেন ১১ বলে ৬ রানে।

দিনের প্রথম ঘণ্টায় খেলা হয় ১৩ ওভার। এই সময়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে তারকাখচিত অজি বোলিং লাইনআপকে কোনো সুযোগ দেননি তানজিদ ও মুমিনুল। ঝুঁকি না নিয়ে আঁটসাট থেকে রান আনতে থাকেন তারা। বিশেষ করে ক্রিজে তানজিদকে দেখাচ্ছে বেশ সাবলীল। ফিফটি স্পর্শের পর ৩৯তম ওভারে ডাউন দ্য উইকেটে গিয়ে বাউ ওয়েবস্টারকে লং অফের ওপর দিয়ে মারেন বাংলাদেশের ইনিংসের প্রথম ছক্কা। অসাধারণ ওই শটে মুমিনুলের সঙ্গে তার জুটি ছুঁয়ে ফেলে একশ, ১৮৩ বলে।

আস্থার সঙ্গে খেলছিলেন মুমিনুলও। তবে পরের ওভারে মনসংযোগে চিড় ধরে যায় তার। হ্যাজেলউডের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হন। অথচ অনায়াসে ছেড়ে দিতে পারতেন। ব্যাটের কানা স্পর্শ করে বল জমা পড়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির গ্লাভসে। মুমিনুলের সংগ্রহ ৯৫ বলে আটটি চারে ৪৯ রান। তার বিদায়ে থামে ১৮৯ বলে ১০২ রানের জুটি।

দিনের শুরুতে অবশ্য চমক দেখায় অস্ট্রেলিয়া। তাদের একাদশে তিনজন বিশেষজ্ঞ পেসার থাকা সত্ত্বেও প্রথম ওভারটি করেন পেস বোলিং অলরাউন্ডার ওয়েবস্টার। ওই ওভার থেকে আসে ৩ রান। এরপর অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক আক্রমণে এলেও বল হাতে পেতে বেশ অপেক্ষা করতে হয় হ্যাজেলউডকে। তিনিই শেষমেশ ফাটল ধরান তানজিদ ও মুমিনুলের জমাট জুটিতে।

মাঝে একটি রিভিউ হারায় উইকেটের খোঁজে মরিয়া থাকা অজিরা। ৩৩তম ওভারে স্টার্কের প্রথম ডেলিভারিটি মুমিনুলের প্যাডে লেগে যায় ক্যারির হাতে। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন কামিন্স। রিপ্লেতে দেখা যায়, বল ছিল লেগ স্টাম্পের বাইরে।

আগের দিন পেসার হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। ফলে কেবল ৫১ রানে পিছিয়ে আছে তারা। হাতে জমা আছে ৮ উইকেট। অবিশ্বাস্য কিছু না ঘটলে তাদের লিড নেওয়া একরকম নিশ্চিত।

Related Articles

Latest Posts