ডোপ টেস্ট ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে ‘পজিটিভ’ আসায় পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়।

সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত।

তিনি গত ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে চলমান ডিএসএসএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে পুলিশ অধিদপ্তর ছাড়েন। কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পরিপ্রেক্ষিতে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে এই কর্মকর্তার ডোপ টেস্ট শেষে প্রস্রাবে বেনজোডিয়াজেপাইন এবং অ্যাম্ফিটামিন/মেথাম্ফিটামিন পজিটিভ আসে, যা ডিএসএসএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থী।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুসারে ‘অসদাচরণ’ এর শাস্তিযোগ্য অপরাধে একই বিধিমালার ১২(১) অনুযায়ী ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Latest Posts